ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে সহায়তার অভিযোগে দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) পেতে সহায়তার অভিযোগে দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই পদক্ষেপ তেহরানের অস্ত্রাগার পুনর্গঠনে ব্যবহৃত পথগুলো বন্ধ করবে এবং তৃতীয় দেশের মধ্যস্থতাকারী ও সরবরাহকারীদের ঝুঁকি বাড়িয়ে দেবে।
নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো বেলারুশভিত্তিক আর্মরি অ্যালায়েন্সের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী তলিবোভ, নাইজেরিয়াভিত্তিক ভ্যানগার্ড ট্যাকটিক্যাল সাপ্লাই লিমিটেড এবং রাশিয়াভিত্তিক আলিশের দোমুল্লোজানোভ।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভুয়া ব্যবহারকারী দেখিয়ে তাঁরা ইরানকে চীনভিত্তিক ম্যানপ্যাডস সরবরাহের চেষ্টা করছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে বলেছে, ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরকে (আইআরজিসি) অস্ত্র সরবরাহকারী নেটওয়ার্কগুলো যুক্তরাষ্ট্র উন্মোচন করতে থাকবে এবং তাদের অস্থিতিশীল কার্যক্রম বজায় রাখতে সম্পদ প্রদান প্রতিহত করবে।



