জাতীয় স্টেডিয়ামে আজ পর্দা উঠছে সাফের ১৫তম আসরের, উদ্বোধনীতে গাইবেন বিশ্বকাপ মাতানো সঞ্জয় দেব

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের। ফুটবলের লড়াই শুরুর আগে দর্শকদের জন্য থাকছে জমকালো উদ্বোধনী আয়োজন।
সংগীত পরিবেশনা, আতশবাজি, লেজার শো, বিশেষ আলোকসজ্জা, পতাকা প্রদর্শনী এবং অংশগ্রহণকারী দেশগুলোর পরিচিতি পর্বের মধ্য দিয়ে বর্ণিল হয়ে উঠবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনের অন্যতম আকর্ষণ বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেবের গান। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও গান পরিবেশন করেছিলেন।
আমেরিকা, কানাডা ছাড়িয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিত এই শিল্পী বিশেষ সংগীত পরিবেশনা নিয়ে হাজির হবেন বাংলাদেশে।
মাঠের মাঝখানে এবং গ্যালারিতে থাকছে বিশেষ উদ্বোধনী আয়োজন। অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা প্রদর্শনের পাশাপাশি দলগুলোর পরিচিতি তুলে ধরা হবে। দক্ষিণ এশিয়ার ছয় দেশের প্রতিনিধিত্ব তুলে ধরার মধ্য দিয়ে প্রতিযোগিতার আন্তর্জাতিক আবহ তৈরি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আতশবাজি ও আলোক প্রদর্শনী। বিশেষ মুহূর্তে স্টেডিয়ামজুড়ে আতশবাজির ঝলকানি তৈরি করবে উৎসবের আবহ। পাশাপাশি থাকবে লেজার শো এবং বিশেষ আলোকসজ্জা। আলো ও সংগীতের সমন্বয়ে ইতিমধ্যে জাতীয় স্টেডিয়ামকে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের উপযোগী করে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ভারত ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। এরপর রাত ৮টায় স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।
উদ্বোধনী দিনের ম্যাচ দুটি ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। বিশেষ করে দীর্ঘ ২৩ বছর পর শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
ছয়টি দেশকে নিয়ে এবারের প্রতিযোগিতা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।
গ্রুপ পর্বের ম্যাচ হবে ৫, ৮ ও ১১ নভেম্বর। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ১৭ নভেম্বর।




