…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

ন্যায্য মজুরির পাশাপাশি পোশাকশিল্পের সক্ষমতা রক্ষার আহ্বান এবি পার্টির, ১৫ দিনে মজুরি কাঠামোর সুপারিশ দাবি

নিজস্ব প্রতিবেদক
ন্যায্য মজুরির পাশাপাশি পোশাকশিল্পের সক্ষমতা রক্ষার আহ্বান এবি পার্টির, ১৫ দিনে মজুরি কাঠামোর সুপারিশ দাবি
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সংকটের স্থায়ী সমাধানে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের উৎপাদন ও প্রতিযোগিতামূলক সক্ষমতা রক্ষার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের ব্যর্থতা এই গুরুত্বপূর্ণ শিল্প খাতকে ঝুঁকির মুখে ফেলছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন। শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, শ্রমিকের অধিকার এবং পোশাকশিল্পের স্বার্থ পরস্পরবিরোধী নয়। শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে, একই সঙ্গে শিল্পের কর্মসংস্থান ও উৎপাদন সক্ষমতাও রক্ষা করতে হবে। তবে শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাকশিল্প থেকে এবং প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এই শিল্পের সঙ্গে যুক্ত। ফলে পোশাকশিল্পের সংকট শুধু মালিকদের ব্যবসায়িক সমস্যা নয়; এটি জাতীয় অর্থনীতি ও লাখ লাখ পরিবারের জীবিকার প্রশ্ন। দ্রব্যমূল্য, বাসাভাড়া, চিকিৎসা ও যাতায়াত ব্যয় যেভাবে বেড়েছে, তাতে বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন এবং শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেন।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্প তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন ব্যয়, জ্বালানি ও অর্থায়নের খরচ বাড়লেও আন্তর্জাতিক ক্রেতারা অনেক ক্ষেত্রে পণ্যের ন্যায্য মূল্য দিচ্ছেন না। ফলে মজুরি বৃদ্ধির পুরো চাপ শুধু কারখানার মালিকদের ওপর ছেড়ে দিলে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো সংকটে পড়তে পারে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দায়িত্ব আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও নিতে হবে বলে তিনি বলেন।

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকার সমালোচনা করে মঞ্জু বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব নয়। পুলিশ, শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও বিএনপির নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতির খবরও এসেছে। একই ভুল আওয়ামী লীগও করেছিল উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের নামে রাজনৈতিক কর্মীদের মাঠে নামানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে এবং নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করে।

বিএনপির অতীতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছিল। অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিও আগে ২৫ হাজার টাকা মজুরির দাবির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন শ্রমিকদের ৩০ হাজার টাকার দাবির বিষয়ে তাদের অবস্থান কী, তা স্পষ্ট করা প্রয়োজন বলে তিনি বলেন।

মজুরি বোর্ড গঠনে বিলম্বের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ অক্টোবর মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হলেও আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করতে ১ নভেম্বর পর্যন্ত সময় লেগেছে এবং প্রথম সভা হয়েছে ৪ নভেম্বর। শ্রমিকদের দাবি ও অসন্তোষকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে চলবে না; এটি অর্থনৈতিক ও সামাজিক ন্যায্যতার প্রশ্ন বলেও তিনি মন্তব্য করেন।

গাজীপুরে শ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মঞ্জু বলেন, এই মৃত্যুর জন্য কারা দায়ী, শ্রমিকদের ওপর হামলায় কারা জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন করেছে কি না, তা তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। আন্দোলনে অনুপ্রবেশ, উসকানি, ভাঙচুর বা নাশকতার অভিযোগ থাকলে সেগুলোও নিরপেক্ষ তদন্তে প্রমাণ করতে হবে এবং ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বলে তিনি বলেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান দাবি করেন, বর্তমান মজুরি বোর্ডকে কার্যকর করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন মজুরি কাঠামোর সুপারিশ চূড়ান্ত করতে হবে এবং শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্ব দিয়ে আলোচনার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য মজুরি বৃদ্ধির রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রয়োজনে ধাপে ধাপে মজুরি বৃদ্ধি করা হলেও প্রতিটি ধাপের পরিমাণ ও কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করতে হবে বলেও তিনি বলেন।

নোমান বলেন, শ্রমিকের মজুরি কমিয়ে কিংবা আন্দোলন দমন করে পোশাকশিল্পকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়, আবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মধ্য দিয়েও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে না। তিনি ন্যায়ভিত্তিক মজুরি, দায়িত্বশীল মালিকানা, দক্ষ ও উৎপাদনশীল শ্রমশক্তি এবং জবাবদিহিমূলক সরকারের কথা বলেন এবং একটি দীর্ঘমেয়াদি ও সমন্বিত জাতীয় পোশাকশিল্প ও শ্রমনীতি প্রণয়নের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা ও এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, শ্রমিক পার্টির সমন্বয়ক জামাল শেখ, মহানগর দক্ষিণের সদস্যসচিব বারকাজ নাসির আহমদ, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, মোহসীনুল হক চৌধুরী, মশিউর রহমান মিলু, শ্রমিক নেত্রী বেবি পাঠান, গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী এবং পল্টন থানার সদস্য আব্দুল কুদ্দুস।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ, ১০ দিনে ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া রাজনৈতিক বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহ…

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, দিনাজপুরে বললেন সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ
রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের, দিনাজপুরে বললেন সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ

বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স…

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, প্রথম ভোট ২১ জানুয়ারি, তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে: ইসি
রাজনীতি

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, প্রথম ভোট ২১ জানুয়ারি, তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে: ইসি

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের…

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আগ্রহের পাশাপাশি সন্দেহ ও অবিশ্বাস রাজনীতিতে
রাজনীতি

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: আগ্রহের পাশাপাশি সন্দেহ ও অবিশ্বাস রাজনীতিতে

সন্দেহ, অবিশ্বাস এবং অনেক প্রশ্ন তৈরি হয়েছে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বারবার…