ইউরোপীয় ইউনিয়নে ফিরতে ইউরো গ্রহণ জরুরি নয়, তবে মুক্ত চলাচলে ছাড় নেই: বার্নিয়ে

ব্রিটেন আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে চাইলে একক মুদ্রা ইউরো গ্রহণে বাধ্য নাও হতে পারে, তবে মুক্ত চলাচলের শর্তে কোনো ছাড় মিলবে না বলে জানিয়েছেন ব্রেক্সিট আলোচনায় ইইউর প্রধান আলোচক মিশেল বার্নিয়ে।
স্কাই নিউজে ক্যাথি নিউম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্নিয়ে বলেন, ইউরোতে অংশ নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছাড়াই পুনরায় যোগদানের আলোচনা শুরু করা পুরোপুরি সম্ভব।
আইনগতভাবে ইইউর নতুন সদস্য দেশগুলোকে ইউরো অঞ্চলে যোগ দিতে হয়। তবে বার্নিয়ে বলেন, এই বাধ্যবাধকতা ছাড়াই একটি নতুন সম্পর্ক নিয়ে আলোচনা সম্ভব।
তাঁর এই বক্তব্যের প্রেক্ষাপটে রয়েছে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজের সাম্প্রতিক দাবি। ফারাজ বলেছিলেন, ব্রিটেন ইইউতে ফিরে যাওয়ার আবেদন করলে তাকে ইউরো গ্রহণে রাজি হতেই হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, যাঁরা ইইউর কার্যপ্রণালি জানেন, তাঁরা ফারাজের এই দাবিকে কখনোই খুব গুরুত্বের সঙ্গে নেননি। কারণ, তাত্ত্বিকভাবে নতুন সদস্যদের ইউরো গ্রহণের বাধ্যবাধকতা থাকলেও বর্তমান ২৭ সদস্যের মধ্যে ছয়টি দেশ এই মুদ্রা ব্যবহার করে না এবং ডেনমার্কের ক্ষেত্রে আনুষ্ঠানিক ছাড় রয়েছে।
তবে একক বাজারের প্রশ্নে বার্নিয়ের অবস্থান কঠোর। তিনি বলেন, একক বাজারে যোগ দেওয়ার শর্ত নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই এবং বেছে বেছে সুবিধা নেওয়ার কোনো ব্যবস্থাও চলবে না।
বার্নিয়ে বলেন, একক বাজার ও শুল্ক ইউনিয়নে আবার যোগ দেওয়ার শর্ত কী, তা ব্রিটেন খুব ভালো করেই জানে। ইইউ মুক্ত চলাচলের প্রশ্নে আপস করবে না বলেও তিনি জানান।




