নড়াইলের লোহাগড়ায় মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে মাদক কেনার টাকা না দেওয়ায় কৃষক বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আফসার শেখ (৬৫)। তিনি বয়রা দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন শেখের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। অভিযুক্ত খায়রুল শেখ তাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল শেখ মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য তিনি প্রায়ই বাবাকে শারীরিক নির্যাতন করতেন।
বৃহস্পতিবার দুপুরে খায়রুল নেশার টাকার জন্য বাবার কাছে টাকা দাবি করেন। আফসার শেখ টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে তিনি বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আফসার শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, অভিযুক্ত খায়রুল শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




