মার্চের পর প্রায় আট হাজার কর্মী কমিয়েছে বিটি, ছয় মাসে মুনাফা বেড়ে ১১০ কোটি পাউন্ড

ব্রিটেনের টেলিকম প্রতিষ্ঠান বিটি গত মার্চের শেষের পর থেকে প্রায় আট হাজার কর্মী কমিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কর্মী সংখ্যা ৭ হাজার ৭৩১ জন কমে ৯০ হাজারে নেমেছে। এই হিসাবের বাইরে রয়েছে আন্তর্জাতিক ব্যবসার কর্মীরা, যে ব্যবসাটি যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজনের সঙ্গে যৌথ উদ্যোগে আলাদা করা হচ্ছে।
দুই বছর আগে ঠিকাদারসহ বিটির মোট কর্মী ছিল প্রায় ১ লাখ ৩০ হাজার। সেই তুলনায় বর্তমান সংখ্যা অনেক কম। প্রতিষ্ঠানটি ব্যবসাজুড়ে ব্যাপক ব্যয় কমানোর কর্মসূচি চালিয়ে যাচ্ছে, আর কর্মী কমার বড় অংশই ঘটেছে এই কর্মসূচির আওতায়।
কর্মী ছাঁটাইয়ের বেশির ভাগই হয়েছে বিটির ওপেনরিচ বিভাগে। ফাইবার নেটওয়ার্ক তৈরির কাজ ধীর হয়ে আসায় ওই বিভাগে লোকবল কমানো হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে কয়েক বিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্যেও কর্মী কমানো হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ব্যয় কমার প্রভাব পড়েছে মুনাফায়। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ছয় মাসে বিটির কর-পূর্ব মুনাফা ১২ শতাংশ বেড়ে ১১০ কোটি পাউন্ড হয়েছে।
বৃহস্পতিবার সকালে লেনদেনের শুরুতে লন্ডনে তালিকাভুক্ত বিটির শেয়ারের দাম ৬ শতাংশ পর্যন্ত বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। সেদিন এফটিএসই ১০০ সূচকের সেরা পারফর্মারদের মধ্যেও ছিল বিটির শেয়ার।
প্রধান নির্বাহী অ্যালিসন কার্কবি আগে বিটির বোর্ড সদস্য ছিলেন এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। তার সময়েই কয়েক বিলিয়ন পাউন্ডের ব্যয় কমানোর কর্মসূচি চলছে। এই বছর তিনি সঞ্চয়ের লক্ষ্য বাড়িয়েছেন: আগের ২০২৯ সালের মধ্যে ৩০০ কোটি পাউন্ডের লক্ষ্যের বদলে এখন ২০৩০ সালের মধ্যে ৩৭০ কোটি পাউন্ড সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা এই দশকের শেষে ৭৫ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে নামবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে নির্ধারিত ৭৫ হাজার থেকে ৯০ হাজার পরিসরের নিচের দিকেই থাকছে এই হিসাব। সে সময় বিটি বলেছিল, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা চালু হলে প্রায় ১০ হাজার পদের সমপরিমাণ কাজ বাদ যেতে পারে।
কার্কবির বেতন ও বোনাস প্যাকেজ গত বছর দ্বিগুণের বেশি বেড়ে ৫৬ লাখ পাউন্ড হয়েছে, যা এক দশকের বেশি সময়ের মধ্যে বিটির কোনো প্রধানের সবচেয়ে বড় বেতন প্যাকেজ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বিটির শেয়ারের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে।
কার্কবির সময়েই সংকটে থাকা ছোট প্রতিদ্বন্দ্বী টকটককে ৪০ কোটি পাউন্ডে কেনার চুক্তি হয়েছে। বৃহস্পতিবার তিনি বলেন, চুক্তিটি এখনো নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনাধীন থাকায় ব্যবসাটি নিয়ে পরিকল্পনার বিস্তারিত তিনি জানাতে পারছেন না।
টকটকের সদর দপ্তর গ্রেটার ম্যানচেস্টারের স্যালফোর্ডে এবং প্রতিষ্ঠানটিতে প্রায় ৯০০ জন কাজ করেন। এই উদ্ধার-চুক্তিতে ২৫ লাখ পরিবারের টেলিকম সরবরাহ এবং হাসপাতাল ও স্কুলসহ গুরুত্বপূর্ণ জনসেবা গ্রাহকদের সংযোগ সুরক্ষিত হয়েছে।
টকটক কেনার দৌড়ে ভার্জিন মিডিয়া ও২-ও ছিল। বিটির চুক্তিতে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একে বিটির প্রভাবশালী অবস্থান আরও বাড়িয়ে দেওয়ার আয়োজন বলে অভিহিত করেছিল। এন্ডার্স অ্যানালাইসিসের হিসাব অনুযায়ী, বিটি ব্রিটেনের সবচেয়ে বড় ব্রডব্যান্ড সরবরাহকারী, বাজারের প্রায় ৩০ শতাংশ তাদের হাতে; আর বিটির মালিকানাধীন ওপেনরিচই টকটকের সবচেয়ে বড় সরবরাহকারী।
বৃহস্পতিবার বিনিয়োগকারীদের বিটি জানায়, ওপেনরিচের ফুল-ফাইবার নেটওয়ার্কে রেকর্ড চাহিদা রয়েছে; নেটওয়ার্কটি এখন পর্যন্ত ২ কোটি ৪১ লাখ বাড়িতে পৌঁছেছে এবং বছরের শেষ নাগাদ ২ কোটি ৫০ লাখ বাড়িতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। অন্যদিকে এই সপ্তাহের শুরুতেই ভার্জিন মিডিয়া ও২ ৮০ কোটি পাউন্ড ব্যয় সাশ্রয়ের অভিযানে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে।



