বিমানে ভুয়া বোমা হুমকির পর এবার ইউরোপের সংবাদমাধ্যমে হামলার হুমকি, আয়ারল্যান্ড ও বুলগেরিয়ায় ইমেইল

ইউরোপজুড়ে যাত্রীবাহী বিমানগুলোতে বোমা হামলার হুমকির পর এবার মহাদেশটির দুটি দেশের সংবাদমাধ্যমে হামলার হুমকি এসেছে। শুক্রবার আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার সংবাদকক্ষগুলোতে ‘মিখাইল আন্দ্রোপভ’ নামধারী এক ব্যক্তির কাছ থেকে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হুমকির ইমেইল পাঠানো হয়েছে বুলগেরিয়ার ‘নোভা টিভি’ এবং আয়ারল্যান্ডের সরকারি সম্প্রচারমাধ্যম ‘আরটিই’-এর কাছে। বার্তাগুলোর শিরোনাম ছিল ‘পশ্চিমের উদ্দেশ্যে বার্তা’।
ইমেইল পাঠানো ওই ব্যক্তি ইউরোপজুড়ে যাত্রী পরিবহনকারী ফ্লাইটগুলোতে বিঘ্ন সৃষ্টিকারী ধারাবাহিক ভুয়া হুমকির দায় স্বীকার করেছে।
বার্তাগুলোতে এই হুমকিগুলোকে ইউরোপজুড়ে পরিবহনব্যবস্থায় আসন্ন ধারাবাহিক হামলার পূর্বাভাস হিসেবে তুলে ধরা হয়েছে।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম ‘স্কাই’ও জানিয়েছে, তারা একটি নিরাপত্তা হুমকি পেয়েছে।
রয়টার্স জানিয়েছে, ইমেইল প্রেরকের পরিচয় বা ইমেইলগুলোর উৎস তারা নিশ্চিত করতে পারেনি। মঙ্গলবার থেকে এ পর্যন্ত কয়েক ডজন ফ্লাইটে যে হুমকি দেওয়া হয়েছে, সেগুলো একই উৎস থেকে এসেছে কি না, তাও জানা সম্ভব হয়নি। কোনো বিস্ফোরক বস্তু পাওয়া যায়নি এবং সব বিমানই নিরাপদে অবতরণ করেছে। হুমকির মুখে পড়া বিমানগুলোর একটি ছিল ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের এয়ারবাস এ৩২০, যেটিকে ফ্রান্সের এভরেক্স সামরিক বিমানঘাঁটিতে দেখা গেছে।
এর আগে বৃহস্পতিবার ইতালির বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোতে কিছু হুমকি-সংবলিত ইমেইল আসে। ইমেইলগুলোতে দাবি করা হয়, সেগুলো রাশিয়ার একটি নিষিদ্ধ প্রচারণামূলক গোষ্ঠীর পক্ষ থেকে পাঠানো হয়েছে; যদিও এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউরোপ মহাদেশ সম্ভবত এক ধরনের ‘হাইব্রিড আগ্রাসন’ ও ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ মুখোমুখি হয়েছে।


