ইসিবি সভাপতির পদে লাগার্ডের উত্তরসূরি হতে স্পেন ও নেদারল্যান্ডসের প্রার্থী ঘোষণা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সভাপতি ক্রিস্টিন লাগার্ডের উত্তরসূরি বাছাইয়ের লড়াইয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী দিয়েছে স্পেন ও নেদারল্যান্ডস। লাগার্ড আগামী ৭ ফেব্রুয়ারি সভাপতির পদ ছাড়ছেন।
স্পেনের প্রার্থী পাবলো হার্নান্দেজ দে কস, যিনি এর আগে স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন। নেদারল্যান্ডসের প্রার্থী ক্লাস নট, যিনি ডাচ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট।
বিকেল ৫টার সময়সীমা শেষে এই দুজনই একমাত্র প্রার্থী হিসেবে সামনে এসেছেন, যা আগে থেকেই প্রত্যাশিত ছিল।
তাদের প্রার্থিতা ইউরোপের চার অর্থনৈতিক শক্তি ফ্রান্স, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে ইসিবির নির্বাহী বোর্ডের আসন ভাগাভাগি নিয়ে চলা বড় আলোচনার অংশ।
ইসিবি ইউরোপের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। মাঝারি মেয়াদে মূল্যস্ফীতি ২ শতাংশে স্থিতিশীল রাখতে সুদের হার নির্ধারণের দায়িত্ব এই ব্যাংকের। এর ছয় সদস্যের নির্বাহী বোর্ড ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম তদারকি করে।
জার্মান অর্থনীতিবিদ ইসাবেল শ্নাবেল আগামী ৩ জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) যোগ দিতে ইসিবি ছাড়ছেন। বার্লিন তার শূন্য আসনটি ধরে রাখতে বদ্ধপরিকর।
অন্যদিকে ফ্রান্স নজর দিয়েছে ইসিবির প্রধান অর্থনীতিবিদের পদে। বর্তমান প্রধান অর্থনীতিবিদ আয়ারল্যান্ডের ফিলিপ লেনের আট বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ মে।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা সোমবার ব্রাসেলসে ইউরোগ্রুপের বৈঠকে ইসিবির এই রদবদল নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবেন। হার্নান্দেজ দে কস কিংবা নট কেউই ওই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত থাকছেন না, তবে তাদের দেশের মন্ত্রীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে কথা বলবেন।
কূটনীতিকদের প্রত্যাশা, আগামী সপ্তাহের শেষে ডাবলিনে অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতারা এ নিয়ে দর-কষাকষিতে বসবেন। শ্নাবেলের উত্তরসূরির জন্য প্রার্থী জমা দেওয়ার সময়সীমা ২৭ নভেম্বর।


