ডিসেম্বর থেকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রবাসী কল্যাণমন্ত্রী
আগামী ডিসেম্বর থেকে সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি অব কস্ট) কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি ডিসেম্বরকে বিজয় দিবস ও জয়ের মাস হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে রিক্রুটিং এম্বাসি ও এজেন্সিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রথম কয়েকটি ফ্লাইটে নির্বাচিত কর্মীদের থেকে ‘নট এ সিঙ্গেল অ্যামাউন্ট’ অর্থাৎ কোনো ধরনের অর্থ নেওয়া হবে না। এমনকি সরকারি সার্ভিস চার্জও মওকুফ করা হয়েছে।
এই প্রক্রিয়ায় কর্মীরা অনলাইনে আবেদন করবেন এবং স্বচ্ছ লটারির মাধ্যমে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে বলে তিনি জানান।
সরকারিভাবে বিনামূল্যে কর্মী পাঠানোর পাশাপাশি বেসরকারিভাবে কর্মী গমনের ক্ষেত্রে সর্বোচ্চ অভিবাসন ব্যয় আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা চলছে বলে মন্ত্রী জানান।
এছাড়া বর্তমানে তালিকায় থাকা সীমিতসংখ্যক এজেন্সির বাইরে নিবন্ধিত সব বৈধ এজেন্সি যাতে সমানভাবে কর্মী পাঠানোর ব্যবসায় যুক্ত হতে পারে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুই দেশের মধ্যকার বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে সমঝোতা স্বাক্ষরিত হবে বলেও তিনি জানান।
বিদেশে কর্মী প্রেরণে কোনো প্রতারণা বা ভোগান্তি যাতে না হয়, সেজন্য প্রতিটি ডিমান্ড লেটার সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস এবং মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি থেকে সত্যায়ন করার নিয়ম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ফিক্সড করা হয়েছে এবং দুর্নীতি বা অনিয়মে জড়িত হাসপাতালগুলোকে বাদ দেওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে।
পাশাপাশি গন্তব্য দেশে কর্মীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডিভিজুয়াল অঙ্গীকারনামা গ্রহণ এবং প্রবাসে বিশেষ সহায়ক সেল গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।




