ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ আনল বাংলালিংক
ডেলিভারি পার্টনারদের বিশেষ মোবাইল প্যাকেজ দিতে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এই চুক্তির ফলে ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা তাঁদের কাজের ধরন ও প্রয়োজন অনুযায়ী প্যাকেজগুলো ব্যবহার করতে পারবেন।
দুই প্রতিষ্ঠান জানিয়েছে, ডেলিভারি পার্টনারদের প্রতিদিনের কাজের ধরন ও প্রয়োজন বিবেচনায় রেখেই প্যাকেজগুলো তৈরি করা হয়েছে। এর ফলে কাজের সময় প্রয়োজনীয় যোগাযোগ করা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে তারা জানিয়েছে।
চুক্তির আওতায় ফুডপ্যান্ডার নেটওয়ার্ক অবকাঠামো আরও শক্তিশালী করতে যুক্ত করা হয়েছে স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমে নেটওয়ার্ক আপটাইম বাড়বে বলে জানানো হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলালিংকের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির এন্টারপ্রাইজ বিজনেসের লার্জ করপোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, হেড অব কি সেগমেন্ট সাদ মোহাম্মদ ফয়জুল করিম, করপোরেট গ্রুপ ম্যানেজার ফয়সাল আলীম এবং করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার তানজিয়া হক নির্ঝর।
ফুডপ্যান্ডার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব লজিস্টিকস মুক্তির রহমান খান ও ডিরেক্টর অব ফাইন্যান্স তানভীর রশীদ।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেছেন, দ্রুতগতির ডেলিভারি কার্যক্রমে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে সারা দেশের হাজারো রাইডারকে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে এবং স্টারলিংকের স্যাটেলাইট সংযোগ ফুডপ্যান্ডার নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করবে বলেও তিনি জানান।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব লজিস্টিকস মুক্তির রহমান খান বলেছেন, ডেলিভারি পার্টনাররা প্রতিদিন মাঠপর্যায়ে কাজ করে গ্রাহকদের কাছে সময়মতো পণ্য পৌঁছে দেন, তাই নির্ভরযোগ্য নেটওয়ার্ক তাঁদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
মুক্তির রহমান খান আরও বলেন, বাংলালিংকের সঙ্গে অংশীদারিত্বের ফলে ডেলিভারি পার্টনাররা তাঁদের কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মোবাইল প্যাকেজ পাবেন এবং একই সঙ্গে ফুডপ্যান্ডার লজিস্টিকস নেটওয়ার্কও আরও নির্ভরযোগ্য হবে।
দুই প্রতিষ্ঠান জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের গিগ অর্থনীতির সঙ্গে যুক্ত কর্মীদের ডিজিটাল সংযোগের আওতায় আনা এবং তাঁদের কাজে সহায়তা করাই তাদের লক্ষ্য। বাংলালিংকের সংযোগসেবা ও ফুডপ্যান্ডার দেশজুড়ে বিস্তৃত কার্যক্রম একসঙ্গে ডেলিভারি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে বলেও তারা জানিয়েছে।



