জামালপুরে ইউআইইউর সহযোগিতায় দিনব্যাপী রোবো ফেস্ট, শিক্ষার্থীদের জন্য রোবট প্রদর্শনী

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় জামালপুরে দিনব্যাপী ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসব আয়োজন করা হয়। আয়োজনের উদ্যোগে ছিল প্রতিষ্ঠানটির সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব ও ইউনাইটেড ট্রাস্ট।
‘আ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত উৎসবে ইউআইইউর সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও প্রকল্প প্রদর্শন করা হয়।
প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল ইউআইইউ মার্স রোভার, রেসকিউ রোভার, এরিয়াল রোবোটিকস ও মেরিনার।
প্রদর্শনীতে সিএআইআরের সদস্যরা গ্রাউন্ড, মেরিন ও এরিয়াল রোবোটিকসের কার্যক্রম ও ব্যবহারিক দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
উৎসবে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশাপাশি এম এ রশিদ মেমোরিয়াল একাডেমি এবং এম এ গফুর মেমোরিয়াল একাডেমির শিক্ষার্থীরা অংশ নেয়।
অংশ নেওয়া শিক্ষার্থীরা রোবটগুলো সরাসরি দেখার পাশাপাশি সেগুলোর কার্যপ্রণালি ও ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পায়।




