…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ করেই সাইবার নিরাপত্তা আইন চূড়ান্ত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ করেই সাইবার নিরাপত্তা আইন চূড়ান্ত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাইবার নিরাপত্তা আইনটি অত্যন্ত সংবেদনশীল। সরকার চায়, আইনটি যেন প্রকৃত অর্থেই সবাইকে সুরক্ষা দিতে পারে। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শেষ করেই আইনটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, আইনটি নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরামর্শ ও আলোচনা চলছে। সবার মতামত গ্রহণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সরকার তাড়াহুড়ো করতে চায় না বলেও তিনি জানান।

মতবিনিময় সভার শুরুতে পোশাকশিল্পের সাম্প্রতিক আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান। এ কারণে এই শিল্পের প্রতি বিএনপির দরদ সবচেয়ে বেশি এবং দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে বিএনপি সবসময় আন্তরিক বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার পোশাকশ্রমিকদের দাবির প্রতি আন্তরিক। তাই দ্রুততম সময়ে কমিটি গঠন করে কাজ শুরু করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকদের সাহসী ভূমিকার যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। এটি শুধু আর্থিক সহায়তার বিষয় নয়, বরং তাদের অবদানের স্বীকৃতি, সম্মান ও মর্যাদার বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

বিপিজেএ নেতাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। সংগঠনটির কার্যালয় সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার বিষয়ে তিনি বলেন, বিপিজেএর জন্য একটি স্থায়ী ঠিকানা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বর্তমানে যে ভবন বা জায়গা নিয়ে জটিলতা রয়েছে, সেটির প্রকৃত অবস্থা ও আইনি বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় বিপিজেএর সভাপতি এ কে এম মহসিন ফটোসাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন। তিনি বলেন, গত ১৫ বছরে ফটোসাংবাদিকদের একটি বড় অংশ নানা ধরনের প্রতিকূলতা, নির্যাতন ও পেশাগত বাধার মধ্যেও দায়িত্ব পালন করেছেন এবং গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদচিত্র ধারণ করেছেন।

এ কে এম মহসিন বলেন, ফটোসাংবাদিকতা শুধু একটি পেশা নয়, দেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল সংরক্ষণের মাধ্যম। আন্দোলন-সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষ্য বহন করে ফটোসাংবাদিকদের তোলা ছবি এবং বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে দেশ-বিদেশে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও তিনি জানান।

বিপিজেএর সাধারণ সম্পাদক বাবুল তালুকদার বলেন, ফটোসাংবাদিকরা গত দেড় দশকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্যাতন, হামলা, মামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও তারা রাজপথে থেকে সংবাদচিত্র ধারণ করেছেন এবং তাদের তোলা ছবি দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও আন্দোলনের বাস্তব চিত্র তুলে ধরেছে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় অন্যদের মধ্যে নুরুদ্দিন আহমেদ, এবিএম রফিকুর রহমান, নাসিম সিকদার এবং দেলোয়ার হোসেন বাদল বক্তব্য রাখেন। এ সময় বিপিজেএর নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

দিনাজপুরের বিরামপুরে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে সমাজকল্যাণমন্ত্রীর গাড়িবহর আটকে গ্রামবাসীর বিক্ষোভ

দিনাজপুরের বিরামপুর উপজেলা চত্বরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গাড়িবহরের পথ আটকে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। সড়কের কাজ দ্রুত সম্পন্ন ক…

দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি
রাজনীতি

দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি

দফায় দফায় জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল…

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, আহ্বায়ক আমির খসরু
রাজনীতি

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, আহ্বায়ক আমির খসরু

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ…

এনসিপি থেকে পদত্যাগ সামান্তা শারমিনের, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতপার্থক্যের কথা জানালেন ফেসবুক পোস্টে
রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ সামান্তা শারমিনের, জামায়াতের সঙ্গে জোট নিয়ে মতপার্থক্যের কথা জানালেন ফেসবুক পোস্টে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি জান…