ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাউডস্পিকারে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলের লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইলে লাউডস্পিকারে গান বাজিয়ে যাওয়ার সময় প্রতিবেশী বাবলা এতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিষয়টি বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে মীমাংসা করতে গেলে একপর্যায়ে উভয় পক্ষের শত শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম জানান, মোবাইলের লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।


