ঢাকায় সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং রাজারবাগ পুলিশ লাইনসের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে পৃথক সময়ে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ১ নম্বর গেটের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিসি মো. ইবনে মিজান।
অন্যদিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ। তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পুলিশ লাইনসের ৩ নম্বর গেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এএসআই সমাজ আরও জানান, ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ করছে পুলিশ।



