৪২ জেলায় এক লাখের বেশি গাছ রোপণ আড়ংয়ের, কাগজের ব্যাগ কমেছে ৪৬ লাখের বেশি

ব্র্যাক ও মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে দেশের ৪২টি জেলায় এক লাখের বেশি গাছ রোপণ করেছে আড়ং। আড়ংয়ের ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পেইন থেকে অর্জিত অর্থ পরিবেশ সংরক্ষণমূলক কাজে ব্যয় করা হচ্ছে। একই সঙ্গে গ্রামীণ পরিবারগুলোকে সহায়তা করা হচ্ছে এবং সবুজের পরিসর বাড়ানো হচ্ছে বলে আড়ং জানিয়েছে।
ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেছেন, ‘ব্রিং ইয়োর ওন ব্যাগ’ উদ্যোগের শুরু হয়েছিল একটি সহজ অভ্যাসের পরিবর্তন দিয়ে—নিজের ব্যাগ সঙ্গে নিয়ে বের হওয়া এবং তা আবার ব্যবহার করা। তাঁর ভাষায়, দৈনন্দিন জীবনের এই ছোট সিদ্ধান্তগুলোই এখন গাছ রোপণ, সবুজের পরিসর পুনরুদ্ধার এবং দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখছে।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত আগের বছরের একই সময়ের তুলনায় এই ক্যাম্পেইনের মাধ্যমে কাগজের ব্যাগের ব্যবহার ৪৬ দশমিক ৮ লাখের বেশি কমানো সম্ভব হয়েছে। আড়ংয়ের হিসাব অনুযায়ী, এটি আনুমানিক ৬ হাজার গাছ সংরক্ষণের সমান।
একই সময়ে কাগজের ব্যাগ বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৯০ লাখ টাকা। এই পুরো অর্থ গাছ রোপণ ও পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগে ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে আড়ং।
এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্র্যাকের ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন’ কর্মসূচির মাধ্যমে ৯৫ হাজার ৩৮২টি ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণে অর্থায়ন করেছে আড়ং।
এসব চারা বিতরণ করা হয়েছে ৪২টি জেলার ২১০টি উপজেলায়, মোট ৪০ হাজার ১টি পরিবারের মধ্যে। এর ফলে পরিবারগুলো পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে সহায়তা পাবে, আয়ের সম্ভাব্য উৎস তৈরি করতে পারবে এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবে বলে উদ্যোগে বলা হয়েছে।
এ ছাড়া মিশন গ্রিন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে মিয়াওয়াকি ফরেস্ট গড়ে তুলছে আড়ং। এই পদ্ধতিতে তুলনামূলকভাবে ছোট জায়গায় দেশীয় প্রজাতির গাছ ঘনভাবে রোপণ করে নিবিড় ও জীববৈচিত্র্যসমৃদ্ধ সবুজ এলাকা তৈরি করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মিয়াওয়াকি ফরেস্টে আড়ং তাদের গ্রাহক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। এর মাধ্যমে ক্যাম্পেইনটিকে সমর্থন জানিয়ে আসা অংশগ্রহণকারীরা সরাসরি এই উদ্যোগে অবদান রাখার সুযোগ পান।



