ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের তৎপরতা বাড়ালেন হেগসেথ, অনুমোদন ৬০টি টহল গাড়ি, হামভি ও নৌকার

যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ওয়াশিংটন ডিসিতে মোতায়েন ন্যাশনাল গার্ড সেনাদের জন্য ৬০টি চিহ্নিত টহল গাড়ি, হামভি, সামরিক কৌশলগত যান ও ডিসি ন্যাশনাল গার্ডের নৌকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন। একই শহরে স্থানীয় কর্মকর্তারা এই মোতায়েন বন্ধের দাবি জানাচ্ছেন।
পেন্টাগনের দুজন কর্মকর্তা ফক্স নিউজ ডিজিটালকে নিশ্চিত করেছেন, হেগসেথ ২৯ অক্টোবর একটি স্মারকে সই করে সর্বোচ্চ ৬০টি চিহ্নিত টহল গাড়ি, হামভি ও সামরিক কৌশলগত যান, ডিসি ন্যাশনাল গার্ডের নৌকা এবং সর্বোচ্চ ২০টি লাইট টাওয়ার ও জেনারেটর ব্যবহারের অনুমতি দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে রাজধানীতে এখন প্রায় ৩ হাজার ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন রয়েছেন।
যুদ্ধ বিভাগের এক কর্মকর্তা ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, যুদ্ধমন্ত্রী ‘মেক ডিসি সেফ অ্যান্ড বিউটিফুল’ মিশনের সমর্থনে ন্যাশনাল গার্ডের সদস্য ও সক্ষমতার ব্যবহার অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ২৯ অক্টোবর ২০২৬-এর নির্দেশনা ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী অভিযানের সমর্থনে ওই যান ও সরঞ্জাম ব্যবহারের অনুমতি দেয়।
এই অনুমোদনের খবরটি প্রথম প্রকাশ করে পলিটিকো। এর আগে গত বছর হেগসেথ সিদ্ধান্ত নিয়েছিলেন, মিশনের প্রয়োজনে ন্যাশনাল গার্ড সেনারা তাদের দাপ্তরিক অস্ত্র বহন করতে পারবেন।
অনুমোদনটি এমন এক সময়ে এল, যখন ডিসি কাউন্সিলের জননিরাপত্তা কমিটির সভাপতি কাউন্সিল সদস্য ব্রুক পিন্টো বৃহস্পতিবার ফেডারেল আইন প্রয়োগ ও ন্যাশনাল গার্ডের উপস্থিতি খতিয়ে দেখতে শুনানি করেছেন।
শুনানিতে পিন্টো বলেন, ‘আমি খুবই আশাবাদী যে রাজ্য ও কংগ্রেস পর্যায়ে এখন আমাদের সেই অংশীদাররা আছেন, যারা এই অপ্রয়োজনীয়, ক্ষতিকর ও বেআইনি সামরিক উপস্থিতি জেলা থেকে সরানোর দাবি জানাতে পারবেন।’
পিন্টো জর্জিয়া, আইওয়া, নেভাদা, ওহাইও ও টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের রাজ্যগুলো থেকে ওয়াশিংটনে পাঠানো সম্মিলিত ৬২৮ জন সেনাকে প্রত্যাহার করতে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই পাঁচ রাজ্য মিলে এই সংখ্যক সেনা মোতায়েন করেছে।
পিন্টো কংগ্রেসের ডেমোক্র্যাটদের প্রতিও জানুয়ারিতে ফেডারেল আইন প্রয়োগকারী অভিযানের ওপর তদারকি বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যার মধ্যে পরিচয়সূচক ব্যাজ ও বডি ক্যামেরার বাধ্যবাধকতার মতো শর্ত রয়েছে।




