ওভাল অফিসকে জাতীয় স্মারক ঘোষণা করলেন ট্রাম্প, ভবিষ্যৎ প্রেসিডেন্টরাও বদলাতে পারবেন না

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ওভাল অফিস, আউটার ওভাল অফিস এবং ক্যাবিনেট রুমকে জাতীয় স্মারক ও ফেডারেল ল্যান্ডমার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য স্থানগুলো সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রশাসন যেন সেগুলো বদলে ফেলতে না পারে।
ওভাল অফিস থেকে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটি আর ভেঙে ফেলা, ধ্বংস করা বা ছোঁয়া যাবে না, অন্য কিছুই করা যাবে না। এটিকে আসলে জাতীয় স্মারক বলা হয়। এটি একটি ফেডারেল ল্যান্ডমার্ক। কাজ শেষ হলে কেউ কখনো এই অবিশ্বাস্য জায়গাটি ধ্বংস করতে পারবে না।’
ঘোষণাটি এলো মধ্যবর্তী নির্বাচনের দুই দিন পর। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রয়োজনীয় আসন জিতে নিয়েছে।
ঘোষণাপত্রটি নির্বাচন-পরবর্তী ধারাবাহিক জনসমক্ষ কর্মসূচির অংশ, যেখানে হোয়াইট হাউসের নির্মাণ উদ্যোগগুলো তুলে ধরা হচ্ছে।
সোমবার রিফ্লেক্টিং পুলের সামনে দাঁড়িয়ে ট্রাম্প পরিকল্পিত হালনাগাদের বিবরণ দেন। বুধবার তিনি হোয়াইট হাউসের নতুন বলরুমের নির্মাণস্থলে একটি সংবাদ সম্মেলন করেন।
২০২৫ সালে দায়িত্বে ফিরে আসার পর থেকে ট্রাম্প বেশ কয়েকটি আলোচিত স্থাপত্য ও সাংস্কৃতিক প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছেন। এর মধ্যে রয়েছে আর্লিংটন জাতীয় কবরস্থানের কাছে প্রস্তাবিত ২৫০ ফুট উঁচু বিজয় তোরণ এবং জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের নাম পরিবর্তন ও পুনর্গঠনের প্রস্তাব।




