১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে চলবে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন

পাবনা-ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের প্রস্তাব অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অনুমোদিত সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে।
অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।
যাত্রাপথে ট্রেন দুটি উভয় দিকে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থামবে।
আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়েই এই রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে নতুন ট্রেন দুটি চালু করছে বাংলাদেশ রেলওয়ে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, এর মাধ্যমে ঢাকা-পাবনা রুটে দীর্ঘদিনের প্রত্যাশিত আন্তঃনগর রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।



