…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের শাল্লায় সংঘর্ষে নিহতের পর নিজগাঁওয়ে ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের শাল্লায় সংঘর্ষে নিহতের পর নিজগাঁওয়ে ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের অন্তত ৪০টি বাড়িতে টানা তিন দিন লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, বাড়িঘর থেকে গরু, ধান, পাওয়ার টিলার, মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অর্ধকোটি টাকার বেশি সম্পদ লুট করা হয়েছে।

ঘটনার শুরু গত শনিবার (৩১ অক্টোবর) দুপুরে। নিজগাঁও গ্রামের বাসিন্দা রূপ মিয়া ও আজব মিয়ার মধ্যে বাড়ির পাশের জমির দখল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে আব্দুল মান্নান (৬৫) নিহত হন। উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের পূর্ব পাশের পতিত জমির দখল নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আজব আলী ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রূপ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বর্ষাকালে জমিটি পানিতে তলিয়ে থাকায় কেউ দখলে যাননি। সম্প্রতি হাওরের পানি নেমে জমি জেগে উঠলে দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

নিহত আব্দুল মান্নান ছিলেন রূপ মিয়ার চাচাতো ভাই। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলার আশঙ্কায় আজব মিয়ার গোষ্ঠীর প্রায় ৪০টি পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যরা গ্রাম ছেড়ে বিভিন্ন এলাকায় চলে যান। বাড়িতে থেকে যান নারী ও শিশুরা। নিহতের মরদেহ দাফনের পর বিকালে নিরাপত্তার কথা ভেবে তাঁরাও ঘরবাড়িতে তালা দিয়ে পাশের গ্রামে স্বজনদের বাড়িতে আশ্রয় নেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, নারী ও শিশুরা চলে যাওয়ার পর ৩১ অক্টোবর সন্ধ্যা থেকে টানা তিন দিন প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় ঘরে থাকা ধান-চাল, গরু, স্বর্ণালংকার, আসবাবপত্র, কৃষিযন্ত্র, নৌকা ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়। খড়ের গাদায় আগুন দিয়ে গোখাদ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া হিসাব অনুযায়ী, প্রায় ৪০টি বাড়ি থেকে ৬৭টি গরু, পাঁচটি পাওয়ার টিলার, দুটি মোটরসাইকেল, পানির পাঁচটি সাবমার্সিবল পাম্প, ডিজেলচালিত ২০টি সেচযন্ত্র, দুটি ধান মাড়াইকল, কয়েকশ’ বস্তা বীজধান, গোলায় রাখা ৪০০ মণ ধান, দুটি ফ্রিজ, ১২টি গ্যাসের চুলা ও সিলিন্ডার, নগদ পাঁচ লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। হাঁস-মুরগি, নৌকা, গৃহস্থালির আসবাবপত্র ও রান্নার হাঁড়িপাতিল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধা বলেন, ঘরের মালামাল রক্ষার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তিনি বাড়িতে ছিলেন। রাতে প্রতিপক্ষের লোকজন দরজা খোলার জন্য লাথি মারেন এবং গালাগাল করেন; ভয়ে তিনি দরজা খোলেননি। তাঁর অভিযোগ, ঘরের বাইরে থাকা তাঁর দুই ছেলের দুটি মেশিন, চারটি গরু ও একটি নৌকা নিয়ে যাওয়া হয়েছে।

মাসুম মিয়ার স্ত্রী আসমিনা বেগম বলেন, বাড়িতে ফিরে দেখেন ঘরের কোনো জিনিসপত্র অবশিষ্ট নেই—রান্নার হাঁড়িপাতিল, কাপড়চোপড়, গ্যাসের চুলা ও সিলিন্ডার সবই নিয়ে গেছে। তাঁর দাবি, তাঁদের পরিবারের ৪০০ মণ ধান, ২০ মণ চাল, তিন ভরি স্বর্ণালংকার, ১৭টি গরু, নগদ পাঁচ লাখ টাকা, ফ্রিজ, পানির মোটর, মোটরসাইকেল, ট্রলি ও ধান ভাঙানোর মেশিনসহ ঘরের সব মালামাল লুট করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত লিমা আক্তার বলেন, আজব মিয়ার গোষ্ঠীর কোনো বাড়িতেই এখন পুরুষ সদস্য নেই। ফাঁকা বাড়িগুলো থেকে গরু-বাছুর, ধান-চাল সব নিয়ে গেছে; এখন পানি পান করার একটি গ্লাসও অবশিষ্ট নেই। গ্রেপ্তার ও প্রতিপক্ষের হামলার ভয়ে পুরুষেরা গ্রাম ছেড়ে চলে গেছেন।

গ্রামছাড়া এলিম উদ্দিনের ছোট বোন মাহমুদা আক্তার বলেন, সংঘর্ষের দিন তাঁদের ওপর যেন কেয়ামত নেমে এসেছিল। নিহতের মরদেহ দাফন শেষ হওয়ার পরই লুটপাট শুরু হয় বলে তাঁর অভিযোগ। বাড়িতে থাকা নারী ও শিশুদের গালাগাল ও হুমকি দিয়ে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে। দুর্গম যোগাযোগব্যবস্থা এবং বাড়িতে পুরুষ সদস্য না থাকায় তাঁরা থানায় গিয়ে অভিযোগও করতে পারেননি।

তবে লুটপাটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নিহত আব্দুল মান্নানের চাচাতো ভাই রূপ মিয়া। তিনি বলেন, বিরোধপূর্ণ জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি; জমির কাগজপত্র অনুযায়ী তাঁর বাবা ওই জমির মালিক। সেখানে ঘর নির্মাণের জন্য তাঁরা মাটি ভরাট করেছেন। অন্যদিকে আজব আলী কোনো বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে জমিটির মালিকানা দাবি করে দখলের চেষ্টা করছিলেন বলে তাঁর অভিযোগ।

রূপ মিয়ার অভিযোগ, ৩১ অক্টোবর আজব আলীর গোষ্ঠীর লোকজনের হামলায় তাঁর বড় ভাই আব্দুল মান্নান নিহত হন। তাঁদের গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুসহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষে তিনি নিজেও পা ও মাথায় আঘাত পেয়েছেন এবং ঘটনার পর থেকে বিছানা থেকে উঠতে পারছেন না বলে জানান তিনি।

আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ৩১ অক্টোবর সংঘর্ষের পর মরদেহ দাফন শেষে আজব মিয়ার গোষ্ঠীর বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে কারা এসব লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা তিনি জানেন না। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা তাঁকে ধান-চাল, পাওয়ার টিলার, সেচযন্ত্র ও পারিবারিক ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র লুট হওয়ার কথা জানিয়েছেন।

চেয়ারম্যান আরও বলেন, ঘটনাস্থলটি দুর্গম এলাকায়, নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সীমান্তসংলগ্ন। যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ায় ট্রাক্টর-ট্রলিতে সেখানে পৌঁছাতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো কঠিন।

শাল্লা থানার ওসি মোহাম্মদ সুহেল বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পুলিশ নিজগাঁও গ্রামে পৌঁছানোর আগেই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। বর্তমানে গ্রামের বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। রাতে এ ধরনের ঘটনা ঘটছে বলে তাঁরা শুনেছেন, তবে গ্রামের প্রতিটি বাড়িতে পুলিশের পক্ষে যাওয়া কঠিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। লুটপাটের বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

শুক্রবার সুনামগঞ্জে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, প্রায় ৩৫ হাজার গ্রাহক ভোগান্তিতে

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) …

সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের বিয়ে নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জ…

সিলেট বিভাগ

সিলেট শিক্ষা বোর্ডের নতুন সচিব শাহজাহান কবীর, আরও পাঁচ কর্মকর্তার বদলি-পদায়ন

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদ…

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি …