মার্কিন চাপে ইরান হয়ে তুর্কমেনিস্তানের গ্যাস নেওয়া বন্ধ করল তুরস্ক, জানালেন জ্বালানিমন্ত্রী বায়রাকতার

যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান হয়ে তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানি বন্ধ করতে বাধ্য হয়েছে তুরস্ক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক ব্রিফিংয়ে দেশটির জ্বালানিমন্ত্রী আলপারসলান বায়রাকতার এ তথ্য জানিয়েছেন।
২০২৫ সালের মার্চে তুরস্ক গ্যাস গ্রহণ শুরু করে। ইরানি অবকাঠামো ব্যবহার করে বার্ষিক ১৩০ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহের চুক্তি অনুযায়ী এই আমদানি চলছিল।
বায়রাকতারের ভাষায়, মার্কিন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর ওএফএসির হস্তক্ষেপ এবং মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, তুরস্ক ইরানকে কোনো অর্থ না দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আমদানি বন্ধ করতে হয়েছে।
বায়রাকতার মনে করেন, তুর্কমেনিস্তানের প্রাচুর্যপূর্ণ গ্যাস তুরস্ক ও ইউরোপের চাহিদা মেটাতে বিকল্প হতে পারে। তিনি জানান, ট্রান্স-আনাতোলিয়ান গ্যাস পাইপলাইনে তুরস্কের অতিরিক্ত সক্ষমতা রয়েছে এবং তারা ইউরোপে গ্যাস রপ্তানি দ্বিগুণ করতে প্রস্তুত।
তবে কাস্পিয়ান সাগরের অর্থনৈতিক অঞ্চল নিয়ে বিরোধ এবং অবকাঠামোগত জটিলতার কারণে তুর্কমেনিস্তান ও আজারবাইজানের মধ্যে পাইপলাইন নির্মাণ কঠিন হচ্ছে বলে তিনি জানান।
এদিকে ইরানের সঙ্গে তুরস্কের নিজস্ব গ্যাস চুক্তির মেয়াদ এ বছরের নভেম্বরে শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি নবায়ন করা হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে খবরে বলা হয়েছে।




