বিএনপি গায়ের জোরে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে, আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে: গাইবান্ধায় নাহিদ ইসলাম

বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করেছে, কিন্তু সেসব আইন টেকেনি। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।
তিনি বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে উঠেছিল।
আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। তারা মরহুম বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস কীভাবে এত সহজে ভুলে যাচ্ছে তারা — প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে তাদের এজেন্ডাভিত্তিক জোট হলেও এটি কোনো আদর্শিক জোট নয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে এককভাবে প্রার্থী দেবে এনসিপি।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।



