…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টেকনাফের পাহাড় থেকে উদ্ধার ৫৬ জন থানায় হস্তান্তর, কাঁচা কদু-ডাল খাইয়ে শিকলে বেঁধে রাখার বর্ণনা দিলেন ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক
টেকনাফের পাহাড় থেকে উদ্ধার ৫৬ জন থানায় হস্তান্তর, কাঁচা কদু-ডাল খাইয়ে শিকলে বেঁধে রাখার বর্ণনা দিলেন ভুক্তভোগীরা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ নভেম্বর) সকালে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পাহাড়ে অভিযানের সময় গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার বিকেলে রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক তিতাস শেখ (২৭) নিহত হন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, অভিযানে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ সময় একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ অংশ নেয়।

থানা হেফাজতে থাকা ফরিদপুরের বাসিন্দা আসাদুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আট দিন ধরে মানবপাচারকারীরা পাহাড়ের একটি ঝুপড়ি ঘরে তাকে বন্দি করে রেখেছিল। দুইবার পালানোর চেষ্টা করেও তিনি পারেননি। পাহাড়ে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র পাহারাদল ছিল বলে তিনি জানান।

আসাদুজ্জামান জানান, কক্সবাজারের একটি সেতুতে কাজ করার সুবাদে উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা ইমামুলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ক্যাম্পে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে আট দিন আগে তাকে ডেকে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয় মুঠোফোনসহ সঙ্গে থাকা সবকিছু। পরে রাতে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে পাহাড়ে নিয়ে মানবপাচারকারীদের হাতে তুলে দেওয়া হয়।

পাহাড়ে গিয়ে আসাদুজ্জামান দেখতে পান, তার মতো আরও অর্ধশতাধিক মানুষকে আটকে রাখা হয়েছে। তখনই তিনি বুঝতে পারেন, তিনি মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।

তিনি আরও বলেন, দুই দিন আগে শতাধিক নৌকাসহ একটি ট্রলার সাগরপথে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল; তাকে আরও পাঁচজনের সঙ্গে সেখানে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু জায়গা না থাকায় সেদিন ট্রলারে তোলা হয়নি। সর্বশেষ বৃহস্পতিবার তাদের পাচারের পরিকল্পনা ছিল। সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করেছে, তবে উদ্ধারে গিয়ে একজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

পাহাড় থেকে উদ্ধার হওয়া উখিয়ার সেবতখালীর বাসিন্দা সাইফুল ও মিজানুর রহমান সাগর বলেন, কাজ দেওয়ার কথা বলে নূরালী নামে এক দালাল তাদের মানবপাচারকারীদের হাতে তুলে দেয়। পরে পাচারকারীদের কাছ থেকেই তারা জানতে পারেন, পাচারকারীরা তাদের দুজনকে এক লাখ টাকায় কিনেছে।

তারা জানান, পাঁচ দিন ধরে তারা দেখেছেন, প্রতিদিন চার-পাঁচজন করে নতুন মানুষ এনে সেখানে জড়ো করা হচ্ছে। কেউ কথা বলতে চাইলে তাকে ব্যাপক মারধর করা হতো; পালানোর চেষ্টা করায় তারাও মারধরের শিকার হয়েছেন। পরে তাদের লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

তাদের ভাষ্য অনুযায়ী, দিনে মাত্র দুই বেলা খাবার দেওয়া হতো—কাঁচা কদু আর ডাল। ক্ষুধায় তাদের প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। বৃহস্পতিবার তাদের ট্রলারে তুলে সাগরপথে পাচারের কথা ছিল; এর আগেই যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। অভিযানের সময় প্রচুর গোলাগুলি হয়েছে, মনে হচ্ছিল পাহাড়ে যেন যুদ্ধ চলছিল বলে তারা জানান।

এদিকে পাহাড়ে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবপাচারকারীদের আস্তানা নির্মূলে পাহাড়ে সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর টেকনাফের বিভিন্ন স্থানে মানববন্ধনের ডাক দিয়েছেন ছাত্র প্রতিনিধিরা। ওসি সাইফুল ইসলাম বলেন, অপরাধীদের বিরুদ্ধে মানববন্ধন আয়োজনের খবর পেয়েছেন তারা।

হ্নীলার স্থানীয় বাসিন্দা নুর আলম বলেন, পাহাড়ে সাঁড়াশি অভিযান প্রয়োজন; তা না হলে মানবপাচারকারীদের শক্তিশালী নেটওয়ার্ক ভাঙা সম্ভব হবে না। প্রতিদিনই পাহাড়ে গুলির শব্দ শোনা যায়। বাহারছড়া, হ্নীলা ও হোয়াইক্যংয়ের পাহাড়ে সশস্ত্র অস্ত্রধারীদের আস্তানা গড়ে উঠেছে বলে তিনি জানান।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, পাহাড়কেন্দ্রিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দিন দিন বাড়ছে, বিশেষ করে শীত মৌসুমে মানবপাচারকারীদের আনাগোনা চোখে পড়ার মতো। গতকাল পাচারকারীদের আস্তানায় গোলাগুলিতে একজন সেনাসদস্য নিহত হয়েছেন; সাধারণ মানুষ এখানে অপরাধীদের কাছে অনেকটা অসহায় বলে তিনি মন্তব্য করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে; অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত বলে জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মানববন্ধনের বিষয়েও তারা খোঁজখবর রাখছেন।

জাতীয় বিভাগের আরও খবর

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের বাড়ি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি
জাতীয়

টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ যাচ্ছে গ্রামের বাড়ি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত সেনাসদস্য তিতাস শেখের মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দায় ন…

টেকনাফে পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য তিতাস শেখ রামু সিএমএইচে মারা গেছেন, উদ্ধার ৫৭ জিম্মি
জাতীয়

টেকনাফে পাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য তিতাস শেখ রামু সিএমএইচে মারা গেছেন, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ সেনাসদস্য মো. তিতাস শেখ মারা গেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর…

টেকনাফে যৌথ অভিযানে গুলি বিনিময়: এক সেনাসদস্য গুলিবিদ্ধ, উদ্ধার ৫৭ জন, জানাল আইএসপিআর
জাতীয়

টেকনাফে যৌথ অভিযানে গুলি বিনিময়: এক সেনাসদস্য গুলিবিদ্ধ, উদ্ধার ৫৭ জন, জানাল আইএসপিআর

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে একজন সেন…

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার
জাতীয়

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর নবজাতকের কোনো খোঁজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাবা শান্…