নাটোরের সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছ ব্যবসায়ীকে এয়ারগানে গুলি, অভিযোগ যুবকের বিরুদ্ধে
নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ গ্রামের খড়পাড়া এলাকায় পাখি শিকারে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. শহিদুল ইসলাম (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে এয়ারগান দিয়ে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলাম বিয়াশ গ্রামের জসমত আলীর ছেলে এবং পেশায় মাছ ব্যবসায়ী। অভিযুক্ত যুবকের নাম সজীব হোসেন (২৬); তিনি একই গ্রামের ছায়িম হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব হোসেন এয়ারগান দিয়ে বিভিন্ন পুকুরে পাখি শিকার করছিলেন। শুক্রবার সকালে তিনি একটি পুকুর থেকে কয়েকটি পানকৌড়ি শিকার করেন। পরে অন্য একটি পুকুরে পাখি শিকার করতে গেলে শহিদুল ইসলাম তাঁকে বাধা দেন।
এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব হোসেন এয়ারগান দিয়ে শহিদুল ইসলামের ডান পেটে গুলি করেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।
আহত শহিদুল ইসলামকে প্রথমে উদ্ধার করে নাটোর শহরের মাদরাসা মোড়ের জনসেবা হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরেসহ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পরে স্বজনরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁরা শুনেছেন, কিন্তু থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।




