বাড্ডার নতুন বাজারে দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের বাসে পেট্রোল ছুড়ে আগুন, ব্যান করা দলের কর্মীদের সন্দেহ পুলিশের

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫টা ৪৭ মিনিটে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগ করেছেন বলে পুলিশের ধারণা।
পুলিশ বলছে, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি থামিয়ে হেলপার টয়লেটে গিয়েছিলেন। চালক বাসটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা বোতলে করে পেট্রোল নিক্ষেপ করে বাসটিতে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে যায়।
আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। ফলে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আল আমিন হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া বাসটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।
এডিসি আল আমিন হোসাইন আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে এবং যান চলাচল শুরু হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




