…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

রোনালদোর অবসরের পর পর্তুগালের ৭ নম্বর জার্সি কার, ফিফার নিয়মে তা তুলে রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক
রোনালদোর অবসরের পর পর্তুগালের ৭ নম্বর জার্সি কার, ফিফার নিয়মে তা তুলে রাখা যাবে না
ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ৭ নম্বর জার্সিটি তুলে রাখলেন গতকাল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ‘সিআরসেভেন’।

অবসর বার্তায় রোনালদো পর্তুগিজদের বলেছেন, জাতীয় দলে ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে এবং তিনি কখনো ভাবেননি জার্সিটি শুধু তাঁরই।

রোনালদো অবসর নেওয়ার পরও অনেকের কাছে ৭ নম্বর জার্সির মালিক শুধু তিনিই। কারণ, ২৩ বছরের ক্যারিয়ারে ২৩৪ ম্যাচে ১৪৬ গোলের বেশির ভাগ ম্যাচই এই জার্সি পরে খেলেছেন তিনি। ২০০৮ সাল থেকে জার্সিটি পরা শুরু করে তিনি থামলেন ১৮ বছর পর।

পর্তুগাল দলে অভিষেকে ১৭ নম্বর জার্সি পরে খেলা রোনালদো ৭ নম্বর জার্সি পেয়েছিলেন লুইস ফিগো অবসর নেওয়ার পর। জর্জ বেস্ট, গারিঞ্চা, জেয়ারজিনহো, ফিগো, ডেভিড বেকহাম, ফ্রাঙ্ক রিবেরি, আন্দ্রে শেভচেঙ্কো, বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও রাউল গঞ্জালেসের মতো কিংবদন্তিরাও দেশের হয়ে এই জার্সিতে মাঠ মাতিয়েছেন।

শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও এত বছর ধরে জার্সিটি রোনালদো এতটাই আপন করে নিয়েছিলেন যে অন্য কোনো দলে অন্য কারও গায়ে একই জার্সি দেখলেও সবার আগে রোনালদোকেই মনে পড়ে। ‘সিআরসেভেন’ নামটা বেশ আগে থেকেই বড় ব্র্যান্ড হয়ে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ ফুটবলপ্রেমীদের অনেকের দাবি, রোনালদো অবসরের সিদ্ধান্ত জানানোর পর ৭ নম্বর জার্সিটাও অবসরে পাঠাক পর্তুগিজ ফুটবল ফেডারেশন। গত অক্টোবরেও রোনালদোর ৭ নম্বর জার্সিটি জাতীয় দল থেকে চিরতরে তুলে রাখার প্রস্তাব দিয়েছিলেন পর্তুগালের সাবেক তারকা পাওলো ফুত্রে।

কিন্তু আন্তর্জাতিক দলগুলোর পক্ষে কোনো খেলোয়াড়ের জার্সি নম্বর চিরতরে তুলে রাখা বা অবসরে পাঠানো সম্ভব নয়। ফিফা ও ফিফার বিভিন্ন কনফেডারেশনের টুর্নামেন্টে জাতীয় দলগুলোকে স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ের জন্য ধারাবাহিক জার্সি নম্বর ঠিক করতে হয়। ২০২৬ বিশ্বকাপে স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা ছিল ২৬ জন, যার অর্থ স্কোয়াডে জার্সির নম্বরগুলো ছিল ১ থেকে ২৬ পর্যন্ত।

প্রতিটি ম্যাচের আগের দিন মধ্যরাতের মধ্যে সব ফেডারেশনকে উয়েফার কাছে ওই ম্যাচের জন্য ২৩ জন নির্বাচিত খেলোয়াড়ের একটি তালিকা জার্সি নম্বরসহ জমা দিতে হয় এবং সেই জার্সি নম্বর হবে ক্রম অনুযায়ী। সর্বশেষ ফিফা আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্কে পর্তুগাল দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে রোনালদো চলে যাওয়ার পর ৭ নম্বর জার্সিটি পরেছিলেন রাফায়েল লেয়াও। ফিফার আয়োজনে খেলা অফিশিয়াল ম্যাচগুলোর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।

এর আগে অন্যান্য ফেডারেশনের পক্ষ থেকেও নির্দিষ্ট জার্সি নম্বর অবসরে পাঠানোর অনুরোধ করা হয়েছিল, তবে ফিফা বরাবরই অনমনীয় অবস্থান দেখিয়েছে। ২০০১ সালে ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখার প্রাথমিক চেষ্টা করেছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), যা ফিফা প্রত্যাখ্যান করে। পরের বছর ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেন আরিয়েল ওর্তেগা।

লিওনেল মেসি গত আগস্টে অবসরের সিদ্ধান্ত জানানোর পর ফিফাকে ১০ নম্বর জার্সি নিয়ে একই অনুরোধ করে এএফএ। কিন্তু ফিফা অনুমতি দেয়নি। ২০০৩ আফ্রিকা কাপ অব নেশনসে হার্ট অ্যাটাকে মারা যাওয়া মার্ক-ভিভিয়েন ফোয়ের ১৭ নম্বর জার্সিটি তুলে রাখার চেষ্টা করেছিল ক্যামেরুন ফুটবল ফেডারেশন, কিন্তু ফিফার নিয়মের কারণে সেটিও সম্ভব হয়নি। তবে ফোয়ের ক্লাবগুলো—ম্যানচেস্টার সিটি (২৩ নম্বর) এবং লঁস (১৭ নম্বর)—তাঁর জার্সি অবসরে পাঠায়।

ক্লাব ফুটবলে জার্সি তুলে রাখার ঘটনা দেখা যায়। ২০২৫ সালে মৃত্যুর পর দিওগো জোতার প্রতি সম্মান জানিয়ে তাঁর ২০ নম্বর জার্সিটি চিরতরে তুলে রেখেছে লিভারপুল। ইয়োহান ক্রুইফ (১৪, আয়াক্স), পাওলো মালদিনি (৩, এসি মিলান), ফ্রাঙ্কো বারেসি (৬, এসি মিলান) এবং জুড বেলিংহামের (২২, বার্মিংহাম সিটি) মতো তারকারাও এই বিরল সম্মানে ভূষিত হয়েছেন।

সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজন ফুটবলারের নাম রয়েছে। তবে সময় রাফায়েল লেয়াওয়ের পক্ষে—রোনালদোর অনুপস্থিতিতে ৭ নম্বর জার্সিটি পরেছেন এই লেফট উইঙ্গার। পেদ্রো নেতো আরেকটি বিকল্প; এই ফরোয়ার্ড বর্তমানে চেলসিতে ৭ নম্বর জার্সি পরে খেলেন। এ ছাড়া ২০২৬ সালের মার্চে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচে এই জার্সি পরেছিলেন উইঙ্গার গনসালো গেদেস।

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর অনুপস্থিতিতে নানি, রিকার্দো কুয়ারেজমা, ব্রুমা, রিকার্দো হোর্তা, আন্দ্রে সিলভাসহ আরও বেশ কয়েকজন খেলোয়াড় এই জার্সি পরেছেন। তবে এবারের পরিস্থিতি আলাদা, কারণ এই জার্সির সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়টির অবসরের পর নিশ্চিত কোনো বিকল্প নেই।

খেলা বিভাগের আরও খবর

ঢাকায় সাফ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের দল দিল ভারত, বাদ অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত
খেলা

ঢাকায় সাফ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের দল দিল ভারত, বাদ অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শুক্রবার (৬ নভেম্বর) দুই ম্যাচের প্রীতি সিরিজের জন্য এই …

খেলা

রোনালদোকে ছাড়া প্রথম স্কোয়াড পর্তুগালের, ২৮ জনের দলে নতুন মুখ কস্তা ও ভ্যারেলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তিকে ছাড়াই প্রথমবার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করে…

খেলা

চার বলে চার উইকেট নিয়ে রেকর্ডবুকে ভারতের স্পিনার বৈষ্ণভি শর্মা

চার বলে চার উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়ে রেকর্ডবুকে নাম তুলেছেন ভারতের বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। ভারতের উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফিতে তিন…

খেলা

পনেরো বছর বয়সে প্রথমবার সরাসরি অধিনায়ক বৈভব সূর্যবংশী, বিহারকে নেতৃত্ব দেবেন সৈয়দ মুশতাক আলি ট্রফিতে

পনেরো বছর বয়সী বৈভব সূর্যবংশী প্রথমবার সরাসরি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি…