…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

দোঞ্চিচের ৫৩ পয়েন্টে লেকার্সের জয়, ক্লিভল্যান্ডে হেরে ফিরলেন লেব্রন

নিজস্ব প্রতিবেদক

লুকা দোঞ্চিচের ৫৩ পয়েন্টে লস অ্যাঞ্জেলেস লেকার্স এনবিএ কাপের গ্রুপ পর্বের ম্যাচে পোর্টল্যান্ডকে ১২৪-১১৮ পয়েন্টে হারিয়েছে। শুক্রবারের এই জয়ে লেকার্সের টানা জয়ের ধারা চার ম্যাচে পৌঁছাল।

ধীর শুরুতে দ্বিতীয় কোয়ার্টারে একসময় ১৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল লেকার্স। সেই পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় দলটি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে হাফ-কোর্ট লাইনের অনেক পেছন থেকে অবিশ্বাস্য এক শটে দলকে সাত পয়েন্টের ব্যবধানে ফেরান দোঞ্চিচ। সেই শটই দ্বিতীয়ার্ধে লেকার্সের ঘুরে দাঁড়ানোর ভিত্তি গড়ে দেয়।

শেষ মিনিটে পোর্টল্যান্ড চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে এলে দোঞ্চিচের একটি ফ্লোটারে লেকার্স জয় ধরে রাখে।

শেষ সাত ম্যাচের ছয়টিতে অন্তত ৪০ পয়েন্ট করেছেন দোঞ্চিচ। তিনি এলজিন বেইলর, কোবি ব্রায়ান্ট ও জর্জ মিকানের পর চতুর্থ লেকার্স খেলোয়াড় হিসেবে টানা চারটি নিয়মিত মৌসুমের ম্যাচে ৪০ বা তার বেশি পয়েন্ট করলেন।

এটি ছিল দোঞ্চিচের ক্যারিয়ারের ১১তম ৫০ পয়েন্টের ম্যাচ। লেকার্সের হয়ে এটি তাঁর চতুর্থ ৫০ পয়েন্টের ম্যাচ, যা দিয়ে তিনি লেব্রন জেমসকে ছাড়িয়ে গেলেন এবং ফ্র্যাঞ্চাইজির হয়ে চতুর্থ সর্বোচ্চ ৫০ পয়েন্টের ম্যাচের তালিকায় মিকানের সঙ্গে সমান হলেন।

পাঁচ রিবাউন্ড ও পাঁচ অ্যাসিস্টও ছিল দোঞ্চিচের। ম্যাচের পর তিনি বলেন, "আমি অনেক মজা পাচ্ছি। অবশ্যই বাস্কেটবল খেলা আমার জন্য অনেক আনন্দের। এভাবে খেলে আর জিতলে তা আরও আনন্দের হয়।"

একই রাতে লেব্রন জেমসের ক্লিভল্যান্ডে ফেরাটাও ছিল আলোচনার কেন্দ্রে। জুনে লেকার্স ছেড়ে ফিলাডেলফিয়া ৭৬আর্সে যোগ দেওয়া জেমস সিক্সার হিসেবে প্রথমবার ক্লিভল্যান্ডে গেলেন। কিন্তু ক্যাভালিয়ার্স ১১৯-৯৫ পয়েন্টে জিতে ফিলাডেলফিয়ার টানা পাঁচ জয়ের ধারা থামিয়ে দেয়।

অনেকেই ধারণা করেছিলেন, ফিলাডেলফিয়াকে বেছে নেওয়ার আগে জেমস ক্লিভল্যান্ডে তৃতীয় দফায় ফিরতে পারেন। পরিচয়ের সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়, পাশাপাশি ছড়িয়ে ছিটিয়ে দুয়োও শোনা যায়। চতুর্থ কোয়ার্টারের শেষে মাঠ ছাড়ার সময়ও দর্শকেরা তাঁকে অভ্যর্থনা জানান।

চারবারের এনবিএ চ্যাম্পিয়ন জেমস ৪১ বছর বয়সে তাঁর ২৪তম এনবিএ মৌসুম খেলছেন। লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার এই ম্যাচে ১২টি শটের মধ্যে তিনটি নিয়ে আট পয়েন্ট করেন। তাঁর ছিল সাত রিবাউন্ড, তিন অ্যাসিস্ট, দুই স্টিল ও ছয় টার্নওভার।

তারকা সেন্টার জোয়েল এমবিড মাঠ থেকে নেওয়া নয়টি শটের একটিও পাননি; ফ্রি থ্রো থেকে করেন ছয় পয়েন্ট। অফ সিজনে দলে আসা আরেক তারকা জেলেন ব্রাউন সিক্সারদের হয়ে সর্বোচ্চ ২০ পয়েন্ট করেন।

তবে ক্যাভালিয়ার্স শুরুতেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ফিলাডেলফিয়ার প্রতিটি পাল্টা আক্রমণ ঠেকিয়ে দেয়। ডোনোভান মিচেল তাঁর ২৩ পয়েন্টের মধ্যে ১০ পয়েন্ট করেন প্রথম কোয়ার্টারেই। ইভান মোবলি যোগ করেন ২২ পয়েন্ট। রিবাউন্ডে ক্লিভল্যান্ড ফিলাডেলফিয়াকে ৫৬-৪২ ব্যবধানে ছাড়িয়ে যায়।

খেলা বিভাগের আরও খবর

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ডাবল সেঞ্চুরি হৃদয়ের, বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাস
খেলা

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ডাবল সেঞ্চুরি হৃদয়ের, বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাস

মিরপুর টেস্টে বাজে শট খেলা নিয়ে তৈরি হওয়া সমালোচনাকেই শক্তিতে রূপ দিলেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টে ধ্বংস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই …

খেলা

পন্টিংয়ের রেকর্ড ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রানের মালিক কোহলি

বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারে আরেকটি মাইলফলক নামের পাশে যুক্ত করলেন বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিং তারকা নিউজিল্যান্ডের বিপক্ষে রিকি পন্টিংয়ের সর্বকাল…

খেলা

নেইমারের বাবাকে বড় পদে নিয়োগ দিলো সান্তোস

সান্তোস তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে নেইমার সিনিয়রকে অবিলম্বে নিয়োগ দিয়েছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী নেইমারের বাবা এই দায়িত্বে থাকবেন ডিসেম্ব…

খেলা

ফাইনালের মারামারিতে মলিনার শাস্তি কমলেও বহাল পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ হওয়া আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি পুনর্বিবেচনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্…