নেইমারের বাবাকে বড় পদে নিয়োগ দিলো সান্তোস
সান্তোস তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে নেইমার সিনিয়রকে অবিলম্বে নিয়োগ দিয়েছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী নেইমারের বাবা এই দায়িত্বে থাকবেন ডিসেম্বরের শেষ পর্যন্ত।
বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আগামী মাসের নির্বাচনে জয়ী হলে ৬১ বছর বয়সী এই ব্যবসায়ীর চুক্তি স্বয়ংক্রিয়ভাবে ২০২৭-২০২৯ পর্যন্ত নবায়ন হবে।
শুক্রবার প্রথমে এই খবর জানিয়ে প্রতিবেদন করেছিল সাংবাদিক লুকাস মুসেত্তি। পরে তা নিশ্চিত করে ইএসপিএন ব্রাজিল।
ক্লাবের নেতৃত্ব কাঠামোতে ঠিক তেইসেইরার নিচে অবস্থান করছেন নেইমার সিনিয়র। অভ্যন্তরীণভাবে এই পদক্ষেপটি নেইমারের পরিবারের পক্ষ থেকে বর্তমান প্রশাসনের প্রতি একটি সুস্পষ্ট সমর্থনের প্রকাশ বলে দেখা হচ্ছে।
যদিও তেইসেইরা এখনও ১২ ডিসেম্বরের নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেননি।
উচ্চপদস্থ হলেও নেইমার সিনিয়র ক্রীড়া কার্যক্রমের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা ফুটবল পরিচালক আলেক্সান্দ্রে মাত্তোসের কাজে হস্তক্ষেপ করবেন না।
৬১ বছর বয়সীর নিয়োগ চূড়ান্ত করে সান্তোস আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘(নেইমার সিনিয়র) ক্লাবের ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি সমন্বয় করবেন এবং ফুটবল, বিপণন ও নতুন বাণিজ্যিক কোম্পানিগুলোর মতো বিভিন্ন ক্ষেত্র দেখভাল করবেন।’
নেইমারের বাবার এই নিয়োগ সান্তোসের ভেতরে পরিবারের প্রভাব আরও দৃঢ় করল। ক্লাবের ব্যবস্থাপনায় সরাসরি যুক্ত হয়ে তিনি এখন ফুটবলের বাইরের বাণিজ্যিক ও প্রশাসনিক দিকগুলো দেখবেন, আর মাঠের দায়িত্ব থাকবে ফুটবল পরিচালকের হাতে।

