…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দায়িত্ব সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত: চট্টগ্রামে হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

শনিবার (৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের দেওয়ানবাজারে জামায়াতের কার্যালয়ের বিআইএ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমির মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

কৃত্রিম বা আনুষ্ঠানিক সহযোগিতা নয়, আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন ড. হামিদুর রহমান আযাদ।

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মিক শক্তি ও রুহানিয়াত বৃদ্ধি করতে হবে বলে তিনি জানান। আত্মিক শক্তি দৃঢ় হলে কাজের মধ্যে বরকত আসবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে মন্তব্য করেন তিনি।

এ জন্য সংগঠনের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর ও সুসংহত রাখা, তৃণমূল পর্যায়ে গণভিত্তি তৈরি এবং সামাজিক কর্মকাণ্ডের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মুহাম্মদ আলা উদ্দীন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।

মুহাম্মদ শাহজাহান বলেন, নৈতিকতা, আদর্শিক অবস্থান ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতৃত্বের প্রতি আনুগত্য, পারস্পরিক আস্থা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক ময়দান শহীদের রক্তস্নাত ময়দান। এ ময়দানে দ্বীনের বিজয় প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার বলেন, আমিরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; বরং এটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সাহায্য এবং সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানান।

তিনি বলেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন।

জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরীসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রুকনদের গোপন ব্যালটে মুহাম্মদ আলা উদ্দীন সিকদার চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হন।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘চাঁদাবাজ-মাফিয়াদের হাত থেকে মুক্তি চায় দেশের মানুষ’, চট্টগ্রামে মার্চ ফর ইনসাফে ইনকিলাব মঞ্চ

চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাফিয়াদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।…

রাজনীতি

আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না, ফটিকছড়িতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম: স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…

রাজনীতি

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নগর সরকারের বিকল্প নেই, সেমিনারে বললেন চসিক প্রশাসক শাহাদাত হোসেন

চট্টগ্রামকে পরিকল্পিত, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্র…

রাজনীতি

গণহত্যা ও জুলুমের দায়ে অভিযুক্তদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: ফটিকছড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরৈরাচারী, ফ্যাসিবাদী ও গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে এ দেশের মানুষ আর রাজনীতি করার কোনো সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …