ক্যালিফোর্নিয়ায় তিন মিনিটের ব্যবধানে দুটি গাড়ি থেকে প্রায় ১ কোটি ডলারের কোকেন জব্দ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ক্লেমেন্তে চেকপয়েন্টে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৪৩৫ পাউন্ডের বেশি সন্দেহভাজন কোকেন জব্দ করেছে বর্ডার প্যাট্রল। জব্দ করা মাদকের মূল্য ৯৮ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) জানিয়েছে, গত ২৫ অক্টোবর সান দিয়েগো সেক্টরের এই চেকপয়েন্টে এই জব্দ হয়।
সন্দেহজনক আচরণ দেখে দুটি গাড়িকে অতিরিক্ত তল্লাশির জন্য পাঠানো হয়। এর মধ্যে এক চালক চেকপয়েন্ট থেকে গাড়ি পেছনে নেওয়ার চেষ্টা করছিলেন।
বর্ডার প্যাট্রলের কুকুর দুটি গাড়ির দিকেই ইঙ্গিত করে। পরে কালো আবর্জনার ব্যাগের ভেতর লুকানো ৫৫০টি ভ্যাকুয়াম-সিল করা প্যাকেট পাওয়া যায়।
ফিল্ড টেস্টে কোকেনের প্রাথমিক ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছে সিবিপি।
দুই চালককেই গ্রেপ্তার করা হয়েছে। ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) সন্দেহভাজনদের ও সন্দেহভাজন মাদকের হেফাজত নিয়েছে এবং ফেডারেল মামলা চলছে।
সান ক্লেমেন্তে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এজেন্ট জে. ডি. স্কট এক বিবৃতিতে বলেন, 'এই জব্দের ফলে আমরা সান ক্লেমেন্তে চেকপয়েন্টে মাদক জব্দের রেকর্ড বছরের দিকে এগোচ্ছি।'
স্কট আরও বলেন, কয়েক বছর আগে এজেন্টদের সরাসরি সীমান্তে পাঠিয়ে শত শত অবৈধ অভিবাসীকে প্রক্রিয়া করতে হতো। সান দিয়েগোতে অবৈধ প্রবেশ এখন সর্বনিম্ন পর্যায়ে থাকায় চেকপয়েন্ট বেশি সময় খোলা রাখা যাচ্ছে এবং আই-৫ করিডরে বর্ডার প্যাট্রলের শক্ত উপস্থিতি ধরে রাখা যাচ্ছে।
মাদক কার্টেল, বিদেশি গ্যাং, আন্তঃদেশীয় অপরাধী সংগঠন এবং মানব পাচার ও মাদক পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের বৃহত্তর অভিযানের মধ্যেই এই জব্দ হলো।
আলাদা একটি মামলায় মে মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি সন্দেহভাজন আন্তঃসীমান্ত মাদক সুড়ঙ্গের সঙ্গে জড়িত এক টনের বেশি কোকেন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ ডলার।



