মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবোঝাই নছিমনের ধাক্কায় নাজমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার উত্তর সুজাপুর জামে মসজিদের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমা আক্তার বিরামপুর উপজেলার কুর্শাখালী গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের সঙ্গে দেখা করতে শিবনগর এলাকার একটি মাদ্রাসায় গিয়েছিলেন নাজমা আক্তার। সেখান থেকে বাড়ি ফেরার পথে উত্তর সুজাপুর জামে মসজিদের সামনে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ী হাট থেকে বেশ কয়েকটি গরু নিয়ে একটি নছিমন ফুলবাড়ী হয়ে বিরামপুরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির নছিমনটি নাজমা আক্তারকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. তানভীর বলেন, হাসপাতালে আনার আগেই নাজমা আক্তারের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




