ইসিবি চত্বরে নিউ গিনি প্রপার্টিজে ফের হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিউ গিনি প্রপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও চারজন নারীসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি নিউ গিনি প্রপার্টিজের ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও মারামারিতে জড়ায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন ঘটনার বিষয়টি জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন পারস্পরিক মারামারিতে গুরুতর আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল আবাসন প্রকল্পে হামলা চালায়।
সেদিন হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ভাড়া করা স্টুডিও 'ব্রাউনফিশে' ভাঙচুর ও লুটপাট করে। হামলার পর নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়।
পরে ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন। প্রাথমিকভাবে জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আগের হামলার ঘটনা ঘটে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়।
আজকের ঘটনায় গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।



