নিউইয়র্কে জগিংরত তরুণীকে হত্যার অভিযোগে শিক্ষক সহকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জগিং করার সময় ছুরিকাঘাতে নিহত তরুণী কেটি সুয়ারেজের হত্যাকাণ্ডের ঘটনায় একজন শিক্ষক সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, শনিবার সায়েদ মোহাসিব (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।
২৮ বছর বয়সী সুয়ারেজ গত ৩০ অক্টোবর ব্রুকলিনে বেল্ট পার্কওয়ে ওয়াটারফ্রন্ট এলাকায় জগিং করার সময় গলায় ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় তিন দিন পর তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, গোয়েন্দারা এমন প্রমাণ পেয়েছেন, যা থেকে মনে হচ্ছে হামলার সময় মোহাসিব ঘটনাস্থলে ছিলেন। সেই প্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন শুক্রবার রাত প্রায় ৮টার দিকে সুয়ারেজ তাঁর বাবাকে ফোন করে জানান, তিনি বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে আছেন।
নির্ধারিত সময়ে তিনি বাড়ি না ফেরায় তাঁর বাবা-মা তাঁকে খুঁজতে বের হন। পরে তাঁর বাবাই গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় তাঁকে খুঁজে পান বলে জানিয়েছেন এনওয়াইপিডির চিফ অব ডিটেকটিভস জো কেনি।
তদন্তের সঙ্গে পরিচিত একটি সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, মোহাসিব বর্তমানে ব্রুকলিনের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহকারী হিসেবে কাজ করেন। বিদ্যালয়টি ঘটনাস্থলের কাছেই অবস্থিত।
ওই সূত্র আরও জানায়, মোহাসিব সংক্ষিপ্ত সময়ের জন্য এনওয়াইপিডিতে কাজ করেছিলেন, কিন্তু মানসিক কারণে তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মানসিক স্বাস্থ্যগত কারণে তাঁকে মেরিন বাহিনী থেকেও বরখাস্ত করা হয়। এরপর এনওয়াইপিডিতে আবার যোগ দেওয়ার চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।
তাঁর কোনো আইনজীবীর তথ্য পাওয়া যায়নি এবং হত্যার উদ্দেশ্য সম্পর্কেও তদন্তকারীরা এখনো কিছু জানাননি।
এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্রুকলিনের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্ত এখনো চলছে।



