এলএসইউতে পালক শিশুদের জন্য ৭২ লাখ ডলারের বৃত্তি তহবিল ঘোষণা মেলানিয়া ট্রাম্পের

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শনিবার লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে (এলএসইউ) পালক পরিচর্যায় বেড়ে ওঠা শিক্ষার্থীদের জন্য ৭২ লাখ ডলারের একটি বৃত্তি তহবিলের ঘোষণা দিয়েছেন। ব্যাটন রুজে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানটি তাঁর 'বি বেস্ট' ও 'ফস্টারিং দ্য ফিউচার' উদ্যোগের অংশ।
অনুষ্ঠানটি হয় আলাবামার বিপক্ষে টাইগারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আগে। ঘোষণার পর মেলানিয়া ট্রাম্পকে একটি বিশেষ ফুটবল উপহার দেওয়া হয়। এলএসইউর পার্পল ও সোনালি রঙের টেইলগেটিং ভিড়ের মধ্যে তাঁর গাড়িবহর যাচ্ছিল। প্যাট্রিক এফ. টেলর হলের ভেতরে মঞ্চের ওপরে একটি বিশাল আমেরিকান পতাকা ঝুলছিল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, দাতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এলএসইউর চিয়ারলিডাররা তাঁর বক্তব্যের সময় পাশে দাঁড়িয়েছিলেন। টাইগার মাসকট তাঁকে 'বি বেস্ট' লেখা টি-শার্ট পরে বৃত্তির চেক দুটি তুলে দেয়।
মেলানিয়া ট্রাম্প উপস্থিতদের বলেন, 'এই অর্জন পালক পরিচর্যা থেকে আসা তরুণদের স্থিতিশীলতার একটি ভিত্তি, শক্ত শিক্ষার ভিত্তি এবং একটি সুন্দর জীবন গড়ার সুযোগ দেবে।'
স্থায়ী তহবিলের মধ্যে রয়েছে এমএমআর গ্রুপের ৫০ লাখ ডলারের প্রতিশ্রুতি। গ্রুপটির নেতৃত্বে রয়েছেন এলএসইউর প্রাক্তন ছাত্র জেমস বি. 'পেপার' রাটল্যান্ড। এ ছাড়া এলএসইউ ফাউন্ডেশনের ৭৫ জন দাতার কাছ থেকে আরও ২২ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে।
এলএসইউ ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান নির্বাহী ক্রিস্টা রেনি বলেন, অনুদানগুলো বৃত্তি তহবিলকে '৭২ লাখ ডলারের বেশি, এবং তা বাড়ছে'—এই পর্যায়ে নিয়ে গেছে।
এলএসইউর সভাপতি ওয়েড রুস বলেন, ৫০ লাখ ডলারের নেতৃত্বমূলক অনুদান থেকে বছরে প্রায় ২ লাখ ডলার আসবে বলে আশা করা হচ্ছে। এই অর্থ শিক্ষার্থীদের টিউশন, ফি, বই ও আবাসন খরচ মেটাতে সাহায্য করবে।
'এলএসইউতে আমরা বিশ্বাস করি প্রতিভা সর্বত্র আছে, কিন্তু আমরা বুঝি সুযোগ সর্বত্র নেই,' বলেন রুস।
বিশ্ববিদ্যালয় এই উপলক্ষে ফার্স্ট লেডিকে ফুটবল-থিমের কয়েকটি উপহারও দেয়। ট্রাম্প 'মেলানিয়া' নাম ও ১৪ নম্বর লেখা পার্পল ও সোনালি রঙের একটি কাস্টম এলএসইউ জার্সি পান। সঙ্গে তাঁকে 'বি বেস্ট ফস্টারিং দ্য ফিউচার' লোগোযুক্ত একটি টাইগার্স হেলমেটও দেওয়া হয়।
সাবেক এলএসইউ কোচ এড অরজেরন, যিনি ভক্তদের কাছে কোচ ও নামে পরিচিত, উপস্থাপনায় যোগ দেন। তিনি এলএসইউর প্রাক্তন ছাত্র ক্রিস ক্যালান্দ্রার কোম্পানি বিগ গেম ইউএসএর তৈরি একটি স্মারক ফুটবল উপহার দেন।
এই উদ্যোগ অনুষ্ঠানের বাইরেও বিস্তৃত হয়। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এলএসইউ খেলোয়াড়দের জার্সিতে বিশেষ প্যাচ, হেলমেটের ডিক্যাল, চিয়ারলিডারদের পোশাক, মাসকটের পোশাক ও স্মারক ফ্যান টাওয়েল ব্যবহার করা হয়। সাউথইস্টার্ন কনফারেন্সের কর্মকর্তারা খেলার আনুষ্ঠানিক কয়েন টসে একটি বিশেষ মেলানিয়া ট্রাম্প চ্যালেঞ্জ কয়েন ব্যবহার করতে সম্মত হন।
কিংবদন্তি এলএসইউ-আলাবামা প্রতিদ্বন্দ্বিতাও বৃত্তির ঘোষণায় জায়গা পায়। ট্রাম্প জানান, এলএসইউতে ১৪ জন ফস্টারিং দ্য ফিউচার স্কলার রয়েছেন, আর আলাবামায় নয়জন। তখন রেনি হালকা মেজাজে বলেন, 'মিসেস ট্রাম্প, আপনি যা বললেন তাতে বুঝলাম এলএসইউতে ১৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আছেন আর আলাবামায় নয়জন। তাহলে মনে হয় আমরা প্রথম পয়েন্টটি আগেই জিতে গেছি।'
ট্রাম্প উপস্থিতদের জানান, দেশজুড়ে ২৬টি বিশ্ববিদ্যালয় এই সেমিস্টারে ১০০ জন ফস্টারিং দ্য ফিউচার স্কলারকে সহায়তা করছে। তিনি বলেন, 'আজ যখন বেশিরভাগ চোখ থাকবে খেলোয়াড়দের দিকে, আমি আপনাদের অনুরোধ করব এলএসইউর ফস্টারিং দ্য ফিউচার স্কলারদেরও চিনুন, যাঁরা ঠিক ততটাই অসাধারণ।'
লুইজিয়ানা গভর্নর জেফ ল্যান্ড্রি, লুইজিয়ানার ফার্স্ট লেডি শ্যারন ল্যান্ড্রি ও হাউস মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্প এলএসইউর ঐতিহাসিক ওক গাছের পড়ে যাওয়া একটি ডাল থেকে তৈরি হাতে বানানো একটি কাঠের বাটিও উপহার পান।
'ফস্টারিং দ্য ফিউচার' ২০২১ সালে ট্রাম্পের 'বি বেস্ট' উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়। এর লক্ষ্য পালক পরিচর্যায় বেড়ে ওঠা তরুণদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো।
ট্রাম্প বলেন, 'একটি ভালো শিক্ষা কাউকে শুধু কর্মজীবনের জন্য প্রস্তুত করে না। এটি এমন কিছু দেয়, যা কেউ কখনো কেড়ে নিতে পারে না।' বৃত্তিপ্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, 'ফস্টারিং দ্য ফিউচার স্কলারদের, এখানে এবং সারা আমেরিকায়: আমি তোমাদের দেখছি। আমি তোমাদের ওপর বিশ্বাস রাখি। আর আমি তোমাদের সঙ্গে নতুন সুযোগ তৈরি করতে কাজ করে যাব।'




