জার্মান সংসদের সামনে জার্মান পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা, আটক ৩

জার্মানির রাজধানী বার্লিনে সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকার জন্য নির্ধারিত স্ট্যান্ড থেকে জার্মানির পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) ওই ব্যক্তি পতাকার স্ট্যান্ডে উঠে জার্মানির জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। পরে সেখানে তিনি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।
এ সময় আরও দুই ব্যক্তি নিচে থেকে তাঁকে সহযোগিতা করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। পুলিশ জানিয়েছে, আটক তিনজনই জার্মান নাগরিক। তবে তাঁদের কারও অভিবাসী পটভূমি নেই।
পতাকা উত্তোলনের পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ফিলিস্তিনের পতাকাটি নামিয়ে আনেন।
ফিলিস্তিনপন্থী সংগঠন পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইডের সমর্থকরা এই পতাকা টাঙান। সংগঠনটির দাবি, ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতে তারা এই কর্মসূচি করেছে।
বার্লিনে ওই দিনের প্রতিবাদ সমাবেশে শতাধিক বিক্ষোভকারী অংশ নিয়েছিলেন। সমাবেশটি শান্তিপূর্ণ ছিল।
সমাবেশে দর্শক হিসেবে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশি জার্মান নাগরিক জানান, পতাকাটি মূলত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে টাঙানো হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পতাকাটি খুলে ফেলেন।



