ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত তিনজন
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজভান্ডার-চারালিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিসান ফটিকছড়ি উপজেলার গোপালঘাটা এলাকার আলী আকবরের ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান।
তবে জিসানকে মৃত ঘোষণা করা হয়। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
আহতদের অবস্থা গুরুতর বলে জানান চমেকের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, দুই মোটর সাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত আছে। আহত আছে আরো তিনজন। এই ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।
