এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অন্তত ৪০
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। শনিবার (৭ নভেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন এবং চট্টগ্রামে মাদরাসার শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া লালমনিরহাটে একজন, রংপুরে একজন এবং নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন।
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারি এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা বিনতে রেজা (২০), তাদের আট মাস বয়সি শিশুকন্যা ইরফা মনি এবং মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার শওকত আলী লিখন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেল জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। পরে ট্রাকটি অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।
গুরুতর আহত মোটরসাইকেল আরোহী শওকতকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক হযরত আলী (৪২) ও যাত্রী শাকিল (১৬) আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সফরের বাস চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কেরানিরহাট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন।
জানা যায়, মাদরাসা থেকে দুটি বাসে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন হাজী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪) ও শিক্ষক সোহানা আফরোজ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিলের ভাই ইকবাল হোসেন জানান, তার ভাই একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার দিনভর পরিশ্রম করে দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন। রাতে স্ত্রীর সঙ্গে মাদরাসার অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পরে দুর্ঘটনার খবর পান। তার ভাই মারা গেছেন এবং ভাবি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস রাশিদ নিঝুম (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার রাতে সেতুর মদনগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
নিহত নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি অনার্সে পড়াশোনা করতেন। জাপানে যাওয়ার স্বপ্ন নিয়ে জাপানি ভাষাও শিখছিলেন। পুলিশ জানায়, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিঝুমের মৃত্যু হয়। আহত ফারহানকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রংপুরেও পৃথক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ পৃথক দুর্ঘটনাগুলোর তদন্ত করছে।


