…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ঐক্য সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, শর্ত জোটের সব দলকে রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতা হারাতে যাওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটকে জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, তাঁর যে জোট বর্তমানে সরকারে আছে, তাদের সঙ্গে নিয়েই যেন ঐক্য সরকার গঠন করা হয়।

এ সময় তিনি আরব দলগুলোর সঙ্গে জোট না করতে আইজেনকটকে সতর্ক করে দেন। নেতানিয়াহু বলেন, আরবরা সন্ত্রাসবাদের মদদ দেয় এবং তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হলে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না।

গতকাল রাতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানান, তিনি গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেবেন। এর কিছুক্ষণ আগে নেতানিয়াহু ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেন।

নেতানিয়াহু শর্ত দিয়েছেন, ঐক্য সরকার গঠন করা হলে তাঁর জোটের সব দলকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ বেজালেল স্মোরিচ ও ইতামার বেন গভিরের মতো অতি উগ্রপন্থিদেরও আবার সরকারে জায়গা দিতে হবে।

তবে তিনি তাঁর ভিডিওতে উল্লেখ করেননি ঐক্য সরকারের প্রধানমন্ত্রী কে হবেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নির্বাচনের পর নেতানিয়াহুর সুর পরিবর্তন হচ্ছে। নির্বাচনের পরপর তিনি ডানপন্থি সরকার গঠনের কথা বলেছিলেন। এরপর তিনি বৃহৎ জাতীয় সরকার গঠনের কথা বলেন। এখন তিনি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

নেতানিয়াহু অভিযোগ করেছেন, গাদি আইজেনকট তাড়াহুড়ো করে সরকার গঠনের চেষ্টা করছেন, যা ইসরায়েলের জন্য মঙ্গলজনক হবে না।

তিনি বলেন, “কেউ একজন তাড়াহুড়ো করে সরকার গঠন করতে চাইছেন। এমনকি আগামী সপ্তাহের মধ্যে, সন্ত্রাসবাদের সমর্থকদের (আরবদের) সঙ্গে নিয়ে। তিনি যাদের সঙ্গে সরকার গঠনের চেষ্টা করছেন তারা ইসরায়েলের পতন ঘটাতে চায়। যে সরকার হামাসের সমর্থকদের নিয়ে হবে তারা হামাসের বিরুদ্ধে লড়াই করবে না। গাজা ও লেবাননে থাকা ইসরায়েলি সেনাদের নিরাপত্তা রক্ষা করবে না।”

আরবদের নিয়ে কোনো সরকার গঠন করা হলে ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হবে বলেও অভিযোগ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ইউরোপে ইসলামপন্থিরা যে দাঙ্গা করছেন, আরবদের সমর্থন নিয়ে সরকার গঠন করা হলে ইসরায়েলে তা ঘটবে। এমন সরকার নিয়ে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা হবে না বলে তিনি দাবি করেন।

ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, “আমি একটি ঐক্য সরকার গঠনের আহ্বান জানাচ্ছি যেখানে আমার ডানপন্থি জোটের সব দল অন্তর্ভুক্ত থাকবে।”

তবে গাদি আইজেনকট আগে থেকেই বলে আসছেন, নেতানিয়াহুর সঙ্গে তিনি কোনোভাবেই জোট করবেন না।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকট

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিস…

আন্তর্জাতিক

বসন্তে তুষারপাত অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে, ঠান্ডা হাওয়ায় জমে উঠল পাহাড়ি এলাকা

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বসন্তের মৌসুমে তুষারপাত হয়েছে। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও তাসমানিয়ার বিভিন্ন এলাকায় তুষার পড়েছে।…

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে বিস্ফোরণ, মাইনে আঘাত করে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপ ও বন্দর আব্বাসসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যার পর বিস্ফোরণ…