…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রযুক্তি › খবর
প্রযুক্তি

কপ৩১-এর আলোচনায় গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্বালানি চাহিদা ও পরিবেশগত প্রভাব

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের সঙ্গে বাড়ছে ডেটা সেন্টারের সংখ্যা। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির প্রয়োজন হয়। এতে পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

এআই প্রযুক্তির ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা ও পরিবেশগত প্রভাব এবার জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠবে।

সোমবার তুরস্কের আনতালিয়ায় শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ৩১। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, বিজ্ঞানী, পরিবেশকর্মী ও ব্যবসায়ী নেতারা এতে অংশ নেবেন।

সম্মেলনের আগে এআইয়ের পরিবেশগত প্রভাব মোকাবিলায় ‘আনতালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’ নামে একটি অঙ্গীকারনামা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান এতে স্বেচ্ছায় যুক্ত হতে পারবে। অঙ্গীকারনামাটির লক্ষ্য এআই প্রযুক্তির পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ মোকাবিলা করা। এআই পরিচালনায় বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যবহার, ডেটা সেন্টারের জ্বালানি চাহিদা এবং পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে আলোচনার সুযোগ তৈরি করাও এর উদ্দেশ্য।

তুরস্কের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম বলেছেন, এআইয়ের বাড়তে থাকা জ্বালানি ব্যবহার নিয়ে খোলাখুলি আলোচনা প্রয়োজন। সরকারগুলোর উচিত এ বিষয়ে নীতিমালা তৈরি করা। এআই প্রতিষ্ঠানগুলোকে তাদের জ্বালানি ব্যবহারের তথ্য প্রকাশ করতে হবে এবং কার্যক্রম পরিচালনায় পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করতে হবে।

ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের প্রধান ডেটা ও এআই কর্মকর্তা ইভান টাচোভস্কির মতে, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে শক্তিশালী নীতিমালা প্রয়োজন। ডেটা সেন্টারে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, এআই প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির ব্যবহারসহ পরিবেশগত প্রভাবের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ এবং বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বহন নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডেটা সেন্টার নির্মাণের শুরু থেকেই স্থানীয় জনগণকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এআইয়ের পাশাপাশি এবারের সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, বিদ্যুতের ব্যবহার বাড়ানো, বর্জ্য ও মিথেন নিঃসরণ কমানো, জলবায়ু সহনশীল নগর গড়ে তোলা, তরুণদের অংশগ্রহণ এবং জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা হবে।

২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের একটি লক্ষ্যও রয়েছে। ২০২৪ সালে এ হার ছিল ২০ শতাংশের কিছু বেশি। শিল্প ও বিভিন্ন খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এর উদ্দেশ্য।

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়নও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি উঠবে।

কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের ডিন অ্যালেক্সিস আব্রামসন বলেন, গত বছর ব্রাজিলের সম্মেলনে জলবায়ু অভিযোজন ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহায়তার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। এবার প্রতিশ্রুতিগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি দল থাকছে না। টানা দ্বিতীয় বছরের মতো দেশটির ফেডারেল সরকার সম্মেলনে অনুপস্থিত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো প্রত্যাহারের ঘোষণা দেন। গত ৭ জানুয়ারি তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন থেকেও দেশটিকে প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেন। এই প্রত্যাহার আগামী বছর কার্যকর হওয়ার কথা।

তবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি না থাকলেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর, মেয়র, বিজ্ঞানী, পরিবেশকর্মী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন। আমেরিকা ইজ অল ইন, ক্লাইমেট মেয়রস ও ইউএস ক্লাইমেট অ্যালায়েন্সের উদ্যোগে দেশটির শতাধিক নেতা কপ৩১-এ যোগ দেবেন। তাদের লক্ষ্য জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের নেতৃত্ব এবং সহযোগিতার উদ্যোগ তুলে ধরা।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, বিশ্ব এখন প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সীমা অতিক্রমের পথে রয়েছে। সংস্থাটির মতে, এই সীমা অতিক্রম করলেও উষ্ণতা যতটা সম্ভব কম সময়ের জন্য এবং সীমিত মাত্রায় রাখা সম্ভব। শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা আবার ১ দশমিক ৫ ডিগ্রির নিচে নামিয়ে আনার লক্ষ্যেও কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য বলছে, ২০২৫ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব নতুন রেকর্ডে পৌঁছেছে। ১৯৬০-এর দশক থেকে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির হার তিন গুণ হয়েছে। ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে প্রতিবছর গড়ে ২ দশমিক ৪ পিপিএম হারে এর ঘনত্ব বেড়েছে। ষাটের দশকে এই বৃদ্ধির হার ছিল বছরে গড়ে ০ দশমিক ৮ পিপিএম। একই সময়ে মিথেন ও নাইট্রাস অক্সাইডের ঘনত্বও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এসব গ্রিনহাউস গ্যাসই মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ।

তবে নবায়নযোগ্য জ্বালানির দ্রুত বিস্তার এবং বিভিন্ন দেশে নিঃসরণ কমানোর নীতিগত উদ্যোগকে অগ্রগতি হিসেবে দেখছে ইউএনইপি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেন, দ্রুত নিঃসরণ কমানোর অনেক সফল উদাহরণ রয়েছে। এখন দেশগুলোকে কার্যকর নীতি গ্রহণ ও বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, কপ৩১-এর সাফল্য শুধু আনুষ্ঠানিক আলোচনায় গৃহীত সিদ্ধান্ত দিয়ে বিচার করা যাবে না। সম্মেলনের বাইরে বিভিন্ন দেশের প্রতিনিধি, বিজ্ঞানী, ব্যবসায়ী ও পরিবেশকর্মীদের বৈঠক এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

প্রযুক্তি বিভাগের আরও খবর

তিন বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরত, চমক দিল চীনা ডেটিং অ্যাপ
প্রযুক্তি

তিন বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরত, চমক দিল চীনা ডেটিং অ্যাপ

জীবনসঙ্গী খোঁজার প্রতিযোগিতাপূর্ণ বাজারে তরুণ-তরুণীদের আকর্ষণে এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ডেটিং অ্…

ডেটা সেন্টারে এত পানি লাগে কেন, আর সেই পানি যায় কোথায়
প্রযুক্তি

ডেটা সেন্টারে এত পানি লাগে কেন, আর সেই পানি যায় কোথায়

ডেটা সেন্টার আর পানি যেন এখন সমার্থক শব্দ। ডেটা সেন্টারের কথা উঠলে সেখানে পানির আলোচনা আসবেই। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা চলছ…

মোবাইল অ্যাপেই গরুর খামার নিয়ন্ত্রণ, নওগাঁয় প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে পশুপালন
প্রযুক্তি

মোবাইল অ্যাপেই গরুর খামার নিয়ন্ত্রণ, নওগাঁয় প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে পশুপালন

সনাতন পদ্ধতির খামার ব্যবস্থাপনা ছেড়ে আধুনিক প্রযুক্তির পথে হাঁটছেন নওগাঁর খামারিরা। এখন মোবাইল ফোনের একটি অ্যাপের মাধ্যমেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যা…

প্রযুক্তি

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে কংগ্রেসের প্রশ্নের মুখে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গো…