জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয় বলে রোববার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এ সমঝোতা হয়েছে। এর আওতায় দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ও স্নাতক পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হবে।
সমঝোতা অনুযায়ী, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় বিষয়ে দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ সহযোগিতা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার নতুন পথ খুলে দেবে।



