বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত ম্যানেজিং কমিটির নির্বাচন চায় অভিভাবক ঐক্য ফোরাম

বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসা পরিচালনার নতুন প্রবিধানমালা চূড়ান্ত করে দ্রুত ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীর স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।
ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া রোববার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
নেতারা বিবৃতিতে বলেন, গত অক্টোবর মাসের প্রথম দিকে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ার অজুহাত দেখিয়ে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করেছিলেন। ফোরাম ওই নির্দেশনাকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, ওই নির্দেশনার পর এক মাস অতিবাহিত হলেও নতুন প্রবিধানমালা চূড়ান্ত করার কোনো অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না।
নেতারা অভিযোগ করেন, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মেয়াদ উত্তীর্ণ এডহক কমিটির স্থলে নতুন এডহক কমিটি গঠন না করে আগের কমিটির মেয়াদ বাড়ানোর ষড়যন্ত্র করছে।
তারা বলেন, দেশে গণতান্ত্রিক সরকার চলমান থাকা সত্ত্বেও এবং গ্রাম-গঞ্জে নির্বাচনী আবহাওয়া বিরাজমান থাকায় শিক্ষা প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির নির্বাচন আয়োজনে কেন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তা বোধগম্য নয়।
বিবৃতিতে বলা হয়, জনশ্রুতি রয়েছে সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা আমলাদের একটি গ্রুপ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের মতো পরিচালনা পর্ষদে সরকারি কর্মকর্তাদের প্রাধান্য রাখতে নতুন প্রবিধানমালা চূড়ান্ত না করে তালবাহানা করছে।
নেতারা বলেন, বিগত সরকার সংসদ সদস্যদের কমপক্ষে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করে প্রবিধানমালা জারি করার পর অভিভাবক ঐক্য ফোরামের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করে তা বাতিল করা হয়েছিল।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার যদি বিগত সরকারের মতো পুনরায় স্বেচ্ছাচারিভাবে পরিচালনা পর্ষদে আমলাদের কর্তৃত্ব চাপিয়ে দিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নতুন প্রবিধানমালা চূড়ান্ত করার তালবাহানা শুরু করে বা আমলাদের দ্বারা তথাকথিত বিশেষ কমিটি গঠন করার পাঁয়তারা করে, তাহলে অভিভাবকরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।
অভিভাবক ঐক্য ফোরাম নতুন প্রবিধানমালা চূড়ান্ত করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছে।



