রোনালদোর সম্মানে ফুনশালগামী ফ্লাইটে ফাঁকা থাকবে ৭সি আসন

নেদারল্যান্ডসের বিমান সংস্থা ট্রান্সাভিয়া ক্রিস্টিয়ানো রোনালদোকে অন্য উপায়ে সম্মান জানিয়েছে। পরশু রাতে রোনালদোর জার্সি সংবলিত এক ছবি সংস্থাটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে। ছবিতে সেভেন সি আসনটির ওপর পর্তুগিজ তারকা ফুটবলারের জাতীয় দলের সাত নম্বর জার্সি বসানো হয়েছে। তাদের ফুনশালগামী যত ফ্লাইট রয়েছে, কোনোটিতেই আপাতত কোনো যাত্রী ওই আসনে বসতে পারবেন না।
কদিন আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়া এই তারকা বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
জাতীয় দলসহ ক্লাব ফুটবলে বেশির ভাগ সময় সাত নম্বর জার্সি পরতে দেখা গেছে রোনালদোকে। তখন থেকেই এই তারকা ফুটবলার পরিচিতি পান সি আর সেভেন হিসেবে। এ কারণেই ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি আসনে আপাতত কোনো যাত্রী না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সাভিয়া।
আর ফুনশাল পর্তুগিজ তারকা ফুটবলারের জন্মস্থান। ফুনশাল হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রান্সাভিয়ার বহর পরিচালিত প্রায় ১১০টি গন্তব্যের মধ্যে একটি।
রোনালদোর পর্তুগাল দলের সাত নম্বর জার্সির ছবি পোস্ট করে ট্রান্সাভিয়া ক্যাপশনে লিখেছে, ‘সিআর৭ তাঁর বুটজোড়া তুলে রেখেছেন। আর আমরাও ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি নম্বর আসন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে পর্তুগাল জাতীয় দল এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। জাতীয় দলকে ফিফা ও উয়েফার নিয়মকানুন মেনে চলতে হয়। সেখানে খেলোয়াড়ের নাম বা পরিচয় যা-ই হোক না কেন, কারও জার্সি আটকে রাখার অনুমতি নেই।
৫ নভেম্বর ইনস্টাগ্রামে এক বিবৃতিতে পর্তুগালকে বিদায় বলেন রোনালদো। ব্যক্তিগত ও দলীয় সাফল্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই ফুটবলারের বিদায়ে সেদিনই আবেগঘন বার্তা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে পর্তুগাল ফেডারেশন লিখেছে, ‘তিনি শুধু একজন অসাধারণ ক্রীড়াবিদই নন। বরং একজন অনুপ্রেরণাদায়ী নেতা, নিষ্ঠার প্রতীক এবং জাতীয় দলের আত্মার প্রতিচ্ছবি। রোনালদো নিজের কাঁধে দেশের প্রত্যাশার ভার তুলে নিয়েছেন। একের পর এক রেকর্ড গড়েছেন এবং দলকে উপহার দিয়েছেন এমন সব সাফল্যের মুহূর্ত, যা পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
রোনালদোর দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে মর্যাদা দিতে বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজনের পরিকল্পনাও রয়েছে পর্তুগালের। বিবৃতিতে এফপিএফ লিখেছে, ‘দেশের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ পথচলার জন্য গভীর কৃতজ্ঞতা ও অপরিসীম শ্রদ্ধা জানাচ্ছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। তাঁর প্রতি প্রকাশ্যে সম্মান ও কৃতজ্ঞতা জানাতে পেরে আমরা গর্বিত।’ বিবৃতির শেষাংশে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, রোনালদোর মতো কিংবদন্তির বিদায় যথাযথ সম্মাননা ছাড়া হতে পারে না।
প্রতিযোগিতামূলক ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৮৫ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও প্রতিযোগিতামূলক ফুটবল থেকে অবসর নেননি তিনি। খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে।

