দক্ষিণখানে মাদক কারবারিদের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নারী নিহত
রাজধানীর দক্ষিণখানে সুফিয়া খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে দক্ষিণখানের জয়নাল মার্কেটসংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় ঝগড়া ও মারামারির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই পরস্পরের পরিচিত। তাদের মধ্যে কেউ মাদক বিক্রেতা, আবার কেউ মাদকসেবী। তবে এই হত্যাকাণ্ডের সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও ধারণা করা হচ্ছে মাদককে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঘটনা পরপরই লোকজন আহত অবস্থায় সুফিয়াকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৮ নভেম্বর) দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. করিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে ৮ নম্বর রেলগেট এলাকায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের মধ্যে ঝগড়া হয়।
একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় সুফিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
তিনি আরও জানান, ঘটনাস্থলের সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরের পরিচিত। নিহত সুফিয়াও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মাদক কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে তবুও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

