জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজ বাংলাদেশের ‘অ্যানি’
সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড বেস্ট সিরিজ’ অর্জন করেছে বাংলাদেশি মিনি সিরিজ ‘অ্যানি’।
নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নির্মিত এবং নাজিফা তুষি অভিনীত সিরিজটি প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েই সেরার স্বীকৃতি অর্জন করল।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ‘অ্যানি’র নাম ঘোষণা করা হয়।
উৎসবের ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত সিরিজগুলোর মধ্যে সেরা সিরিজ হিসেবে পুরস্কারটি পেয়েছে নাজিফা তুষি অভিনীত এই মিনি সিরিজ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিরিজের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ‘অ্যানি’র কলাকুশলীদের পক্ষ থেকে বলা হয়, “আমরা কেবল একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। ‘অ্যানি’ আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।”
এর আগে ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিরিজটির দুটি প্রদর্শনী হয়। ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্রুতি- সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় ‘অ্যানি’।
আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় নির্মিত সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে।
এর আগে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হয়েছিল ‘অ্যানি’। এর মধ্য দিয়ে বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজকেন্দ্রিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সিরিজটি।
একই উৎসবে গত ৯ জুন অনুষ্ঠিত হয় এর বিশ্ব প্রিমিয়ার। পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজকেরা।
‘অ্যানি’ প্রযোজনা করেছে মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেল। সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার।
নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ এর আগে ২০১৬ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন। এরপর ২০২১ সালে নির্মিত তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়।
কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া এটিই বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। বিশ্বের ১৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল চলচ্চিত্রটি। জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল ‘অ্যানি’।


