…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কচুয়ায় দিনদুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের কচুয়ায় মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের বাচ্চু শেখ নামের এক বিক্রয় কর্মীকে চাপাতি দিয়ে কোপ দিয়ে নগদ টাকার ব্যাগ ছিনতাই করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড মোড়ের গোল চত্বরের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ৬ লাখ টাকা ছিল বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন।

ভুক্তভোগী বাচ্চু শেখ বাগেরহাটে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাশের ডিএসও রাস্তা পার হচ্ছিলেন। দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় পাঁচজন রাস্তার মাঝে তাকে চাপ দেন এবং কাছে থাকা ব্যাগ টান দেন। বাচ্চু ব্যাগ না ছেড়ে ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার শুরু করেন। তখন ছিনতাইকারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে চাপাতি বের করে তাকে কোপাতে উদ্যত হন। আশপাশের লোকজনকেও তারা চাপাতি দেখিয়ে ভয় দেখান।

একপর্যায়ে ছিনতাইকারীরা বাচ্চুকে কোপ দিলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তায় পড়ে যান। এ সময় ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যান।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন, তাদের ডিএসওরা বিকাশ এজেন্টদের (দোকানি) নগদ টাকা ও ই-মানি সরবরাহ করে থাকেন। প্রতিদিনের মতো রোববার সকালে অফিস থেকে টাকা নিয়ে বাচ্চু শেখ সাইনবোর্ড বাজারে যান। পথে কয়েকটি দোকানে লেনদেন করে বাজারে পৌঁছে তিনি মোটরসাইকেল রেখে একটি দোকানে লেনদেন করেন।

এরপর রাস্তা পার হয়ে অন্য একটি দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাচ্চু ব্যাগ ধরে রাখতে চাইলে তাকে চাপাতি দিয়ে কোপাতে যান তারা। এ সময় রাস্তায় পড়ে গিয়ে বাচ্চু শেখ কিছুটা ছিলে গিয়ে জখম হন। পড়ে যাওয়ার পরও তাকে চাপাতি দিয়ে কোপাতে যান ছিনতাইকারীরা। পরে তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে দুটি মোটরসাইকেলে করে চলে যান তারা।

মহাব্যবস্থাপক জানান, ব্যাগে নগদ আনুমানিক ৬ লাখ টাকা ছিল। লেনদেন হয়েছে, ফলে কিছু কমবেশি হতে পারে। দিনদুপুরে এমন ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বর্ণনা শোনা হয়েছে। ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুমাস আগেও একইভাবে মোটরসাইকেলে এসে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় অস্ত্রের মুখে বিকাশের ডিএসওর কাছ থেকে ২ লক্ষাধিক টাকাসহ ব্যাগ ছিনতাই করেছিল দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর বাগেরহাট সদরের পুরতন মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে প্রায় নগদ টাকা ও অফিসের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১ সেপ্টেম্বর বাগেরহাটের ডাচ্–বাংলা ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে যাত্রাপুর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি।

গেল দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টির অধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

দুর্নীতিতে জড়িত কেউ দায়মুক্তি পাবে না: সংসদীয় কমিটির কঠোর অবস্থান
আইন ও অপরাধ

দুর্নীতিতে জড়িত কেউ দায়মুক্তি পাবে না: সংসদীয় কমিটির কঠোর অবস্থান

বিগত সরকারের আমলে সংঘটিত আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে জাত…

ঝালকাঠিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা
আইন ও অপরাধ

ঝালকাঠিতে পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল আওয়ামী লীগের নেতাকর্মীরা

ঝালকাঠির নলছিটি উপজেলায় মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের ন…

আইন ও অপরাধ

ফরিদপুরে মক্তবের ছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টায় ইমামের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছরের এক শিশু ছাত্রকে যৌন নিপীড়নের (বলাৎকার) দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে মসজিদের ইমামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ক…

বাগেরহাটে চাপাতির ভয় দেখিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই
আইন ও অপরাধ

বাগেরহাটে চাপাতির ভয় দেখিয়ে বিকাশ কর্মীর ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় বিকাশের পরিবেশক প্রতিষ্ঠানের এক বিক্রয়কর্মীর কাছ থেকে চাপাতির ভয় দেখিয়ে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ রোববার দু…