…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

‘শুরুটা ভালো হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব’: তাওহীদ হৃদয়

নিজস্ব প্রতিবেদক
‘শুরুটা ভালো হলে ৩৫০ রানও তাড়া করা সম্ভব’: তাওহীদ হৃদয়
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ৩৫০ রানের আশপাশে থাকলেও তা তাড়া করা সম্ভব বলে মনে করেন তাওহীদ হৃদয়। তাঁর মতে, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য ভালো। তবে পঞ্চম দিনে বড় লক্ষ্য পেরোতে হলে শুরুটা হতে হবে ভালো।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ৩১৫ রানের লিড নিয়েছে সফরকারীরা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮৬ রানের জবাবে ৩৫৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। ফলে শেষ দিনে ক্যারিবীয়দের লিড আরও বাড়ার অপেক্ষা।

রোববার দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। তবে এটা লাল বলের খেলা। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তাহলে মনে হয় রান তাড়া করা সম্ভব। কালকে ওরা কত রানের লক্ষ্য দেয়, সেটা দেখে আমাদের পরিকল্পনা করতে হবে।’

প্রথম কয়েকটি উইকেট ধরে রাখতে পারলে কঠিন লক্ষ্যও নাগালের মধ্যে আসতে পারে বলে মনে করেন তিনি।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি ছিলেন হৃদয় নিজেই। দলের কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ২৪২ রানের অপরাজিত ইনিংস। তাঁর ব্যাটে ভর করেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে ৩০ রানের লিড পেয়েছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় ব্যাটারদের দৃঢ়তায় আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে সফরকারীরা।

টেস্টের পঞ্চম দিনে ৩৫০ রানের লক্ষ্যও অসম্ভব মনে করছেন না হৃদয়। তবে এ ক্ষেত্রে ব্যাটিংয়ের শুরুর দিকটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। হৃদয়ের ভাষায়, ‘৩৫০ আমার কাছে তাড়া করার মতো লক্ষ্য মনে হয়। কিন্তু যেটা বারবার বলছি, শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা শুরুটা ভালোভাবে করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।’

হৃদয় আরও বলেন, ‘অবশ্যই কালকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ। তবে শুধু কালকের দিন নয়, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ২১৫ রানের। ২০০৯ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিংসটাউনে সেই লক্ষ্য পেরিয়ে জিতেছিল বাংলাদেশ। এবার সিলেটে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিকদের সামনে।

শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ কত রানের লক্ষ্য দেয়, তার ওপরই নির্ভর করবে বাংলাদেশের পরিকল্পনা—এমনটাই জানালেন হৃদয়।

খেলা বিভাগের আরও খবর

এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়: সিলেটে সংবাদ সম্মেলনে হৃদয়
খেলা

এক-দুই ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়: সিলেটে সংবাদ সম্মেলনে হৃদয়

টেস্ট ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ পেয়েই যেন সমালোচকদের জবাব দিয়েছেন তাওহীদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে খেলেছেন বাংলাদেশে…

হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
খেলা

হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে ৩১৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের চতুর্থ দিনটা বাংলাদেশের বোলারদের জন্য ছিল হতাশার। দিনভর ব্যাট হাতে দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। …

খেলা

হজের শতকে লিড ৩১৫, শেষ দিনে রেকর্ড তাড়ার কঠিন পরীক্ষায় বাংলাদেশ

প্রথম ইনিংসে তাওহীদ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পরও সিলেট টেস্টে স্বস্তিতে নেই বাংলাদেশ দল। চতুর্থ দিনে বল হাতে স্বাগতিক বোলারদের চরম ব্যর্থতার …