পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানসম্মত ও বিজ্ঞানসম্মত পরিসংখ্যান, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং জনগণের কাছে দায়বদ্ধ জননীতি প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, কোনো অবস্থাতেই তথ্যের বিকৃতি হতে দেওয়া হবে না।
তিনি বলেন, সরকার জনগণের জন্য নির্ভরযোগ্য, নিরপেক্ষ ও সহজলভ্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই কার্যকর পরিকল্পনা, সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস এবং সুষম ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি আরও বলেন, এসব অগ্রাধিকার কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, সম্পদের সুষম ও সুষ্ঠু বণ্টন এবং উন্নয়ন কার্যক্রমের সঠিক পরিবীক্ষণ ও মূল্যায়নে মানসম্মত, নির্ভরযোগ্য ও সময়োপযোগী পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিসংখ্যান শুধু সংখ্যার সমষ্টি নয়, বরং রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও প্রকাশের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নির্ভুলতা, বৈজ্ঞানিক পদ্ধতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’—এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করছে জাতীয় পরিসংখ্যান ব্যুরো।




