…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

মার্কিন বাজারে রেকর্ড প্রবৃদ্ধি, চার মাসে পোশাক রপ্তানি ১৩.৭৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাজারে রেকর্ড প্রবৃদ্ধি, চার মাসে পোশাক রপ্তানি ১৩.৭৫ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাকের একক প্রধান বাজার যুক্তরাষ্ট্রে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাক রপ্তানি আশাব্যঞ্জকভাবে বেড়েছে। অন্যদিকে প্রধান আঞ্চলিক বাজার ইউরোপীয় ইউনিয়নে বৃদ্ধির গতি কিছুটা স্লথ হলেও অপ্রচলিত (নন-ট্রেডিশনাল) বাজারগুলোতে রপ্তানির গতি আগের চেয়ে দৃশ্যমানভাবে বেড়েছে। প্রধান বাজারগুলোর এই ভিন্নমুখী প্রবণতার মধ্যেই বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত সার্বিকভাবে ইতিবাচক ধারায় ফিরেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ১৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। এটি আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ের ১২.৯৯ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের তুলনায় ৫.৮২ শতাংশ বেশি।

পোশাক খাতের সার্বিক এই রপ্তানি বৃদ্ধিতে ওভেন পণ্যের চেয়ে নিটওয়্যার পণ্যের ভূমিকা বেশি লক্ষ্য করা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, পর্যালোচিত চার মাসে নিটওয়্যার রপ্তানি ৬.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭.৭৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি ৪.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.০২ বিলিয়ন ডলারে। এর ফলে বাংলাদেশের মোট তৈরি পোশাক রপ্তানির মধ্যে এককভাবে নিটওয়্যারের অংশ বেড়ে এখন ৫৬.২ শতাংশে উন্নীত হয়েছে।

বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৭৫৬ মিলিয়ন ডলার। এই অতিরিক্ত প্রবৃদ্ধির সবচেয়ে বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে, যার পরিমাণ ২৬২.৯ মিলিয়ন ডলার (মোট বৃদ্ধির ৩৫ শতাংশ)। এছাড়া অপ্রচলিত বাজার থেকে ২০১.৮ মিলিয়ন ডলার (২৭ শতাংশ), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৪.৫ মিলিয়ন ডলার (২৩ শতাংশ), যুক্তরাজ্য থেকে ১০৬.২ মিলিয়ন ডলার (১৪ শতাংশ) এবং কানাডা থেকে ১০.৬ মিলিয়ন ডলার অতিরিক্ত রপ্তানি আয় হয়েছে।

একক দেশ হিসেবে বাংলাদেশের পোশাকের বৃহত্তম গন্তব্য যুক্তরাষ্ট্র হলেও অঞ্চল হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জুলাই-অক্টোবর সময়ে ইইউতে রপ্তানি হয়েছে ৬.৪৩ বিলিয়ন ডলারের পোশাক, যা গত বছরের ৬.২৬ বিলিয়ন ডলারের তুলনায় ২.৭৯ শতাংশ বেশি। তবে ইইউর মোট রপ্তানি শেয়ার ৪৮.১৭ শতাংশ থেকে কিছুটা কমে ৪৬.৭৯ শতাংশে নেমে এসেছে।

ইইউর মধ্যে স্পেন বৃহত্তম একক বাজার হিসেবে জার্মানিকে অতিক্রম করেছে। স্পেনে রপ্তানি ১৩.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১.৪৪৮ বিলিয়ন ডলারে, যেখানে জার্মানিতে রপ্তানি প্রায় অপরিবর্তিত (১.৪৩৯ বিলিয়ন ডলার) রয়েছে।

উল্টোদিকে ফ্রান্স, ইতালি, ডেনমার্ক ও বেলজিয়ামের মতো দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় কিছুটা হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি ১০.১৬ শতাংশ বেড়ে ২.৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যার ফলে মোট পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের অংশ বেড়ে ২০.৭৩ শতাংশে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ৬.৯২ শতাংশ বেড়ে ১.৬৪ বিলিয়ন ডলার এবং কানাডায় ২.৪১ শতাংশ বেড়ে ৪৫২.৯ মিলিয়ন ডলার অর্জিত হয়েছে। একইসঙ্গে অপ্রচলিত বাজারগুলোতে মোট রপ্তানি ৯.৩০ শতাংশ বেড়ে ২.৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে সবচেয়ে উল্লেখযোগ্য লাফ দিয়েছে তুরস্ক (১০৭.০৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০৬.৫ মিলিয়ন ডলার)।

এছাড়া জাপান, মেক্সিকো, ইউএই, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় রপ্তানি বাড়লেও ভারত, চীন, রাশিয়া ও নিউজিল্যান্ডের বাজারে কিছুটা পতন দেখা গেছে। ইইউ ও যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কিছুটা কমে অপ্রচলিত বাজারে প্রবৃদ্ধির ধারা বাংলাদেশের পোশাক খাতের সামগ্রিক বাজার বহুমুখীকরণের ইতিবাচক ইঙ্গিত দেয়।

চলতি অর্থবছরে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সামগ্রিকভাবে ইতিবাচক ধারা বজায় রয়েছে। তবে এই প্রবৃদ্ধি টেকসই করতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি কাঙ্ক্ষিত মুনাফা বা প্রফিটেবিলিটি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক নেতা।

তিনি বলেন, ট্যারিফ সংক্রান্ত বিষয়ে অন্যান্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকায় এবং জটিলতাগুলো দূর হওয়ায় আমেরিকার বাজারে গত কয়েক মাসে রপ্তানি ভালো হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এর কারণ, ইউরোপ নিজে অর্থনৈতিক সংকটের মধ্যে থাকায় তাদের বাজারে প্রবৃদ্ধি কিছুটা শ্লথ রয়েছে, যার প্রভাব পড়েছে তাদের আমদানিতে। তবে জ্বালানি সংকটসহ বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা করে ইউরোপের সামনে সবকিছু ঠিকঠাক থাকলে সেখানে রপ্তানি আস্তে আস্তে আরও বাড়বে।

তুলনামূলক ছোট বা নন-ট্রেডিশনাল বাজারে বছরের প্রথম তিন মাসে ভালো করেছে এবং এর মধ্য দিয়ে নতুন সম্ভাবনারও সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন পিছিয়ে থাকার পর অপ্রচলিত বা নন-ট্রেডিশনাল বাজারগুলোতে এখন ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। ইউরোপ ও আমেরিকার বাইরে এ ধারা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যান্য বাজারের মধ্যে ইইউ এবং কানাডা অঞ্চলের বাজারে রপ্তানি পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক থাকলেও তা কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম। দেশের সামগ্রিক পরিকল্পনা অনুযায়ী রপ্তানির পরিমাণ আরও অনেক বাড়ানো প্রয়োজন, উল্লেখ করেন তিনি।

বছরের প্রথম চার মাসের রপ্তানির এই ইতিবাচক ধারাকে একটি সুখবর হিসেবে উল্লেখ করলেও সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই উদ্যোক্তা-নেতা। তিনি বলেন, শুধু বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির কারণে রপ্তানির পরিমাণ বাড়লেই তাকে সম্পূর্ণ ইতিবাচক বলা যায় না। এই প্রবৃদ্ধি তখনই টেকসই হবে যখন এর মাঝে ভালো মুনাফা বা প্রফিটেবিলিটি যুক্ত হবে। তাই শুধু প্রবৃদ্ধির পেছনে না ছুটে কতটুকু মুনাফা অর্জিত হচ্ছে, সেদিকেও সমানভাবে মনোযোগ দেওয়া উচিত।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি
অর্থনীতি ও ব্যবসা

ক্রেতাসংকটে ধুঁকছে ঢাকার শপিং মল, বন্ধ হয়ে গেল কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর জনপ্রিয় কয়েকটি বিপণিবিতান বা শপিং মলে একসময় দোকান খোলার আগেই কিছুসংখ্যক ক্রেতাকে এসে অপেক্ষা করতে দেখা যেত। সেদিন আর নেই। মূল্যস্ফীতির চাপ…

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা
অর্থনীতি ও ব্যবসা

আমদানির চাপে অস্থির ডলার, এক সপ্তাহে দাম বাড়ল প্রায় এক টাকা

দীর্ঘদিন ১২০ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল থাকার পর আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। এক সপ্তাহের ব্যবধানে আমদানি দায় মেটাতে প্রতি ডলারের দাম বেড়…

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে
অর্থনীতি ও ব্যবসা

৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান যাত্রীবাহী কোচে রূপান্তর করছে রেলওয়ে

স্বল্প খরচে কৃষিপণ্যসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। কিন্তু কৃষক ও ব…

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অর্থনীতি ও ব্যবসা

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকে নিয়ম মেনে টাকা জমা রাখার প…