জেএলআরের ‘নকল’ গাড়ির অভিযোগে নেদারল্যান্ডসে বিওয়াইডির কার্যালয়ে অভিযান

জাগুয়ার ল্যান্ড রোভারের (জেএলআর) পক্ষে কাজ করা বেইলিফরা চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডির নেদারল্যান্ডসের কার্যালয়ে অভিযান চালিয়েছে। ল্যান্ড রোভার ডিফেন্ডারের নকল গাড়ি নিয়ে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে এই সপ্তাহে আদালতে শুনানির আগে এ অভিযান চালানো হয়।
সানডে টাইমসের বরাত দিয়ে জানা গেছে, আগস্টে স্কিডাম ও হুফডর্পের কার্যালয় থেকে বেইলিফরা ডিজিটাল রেকর্ড জব্দ করে।
এই সপ্তাহে হেগের আদালতে শুনানি হবে, যেখানে সিদ্ধান্ত হবে বিওয়াইডির টি৭ এসইউভি ল্যান্ড রোভার ডিফেন্ডারের মেধাস্বত্ব লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে মামলা চলবে কি না।
বিওয়াইডির সাত আসনের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি টি৭ গত বছর সেপ্টেম্বরে চীনে বিক্রি শুরু হওয়ার পর থেকে গাড়ি বিশেষজ্ঞরা একে ডিফেন্ডারের সঙ্গে তুলনা করে আসছেন। বিবিসির টপ গিয়ার ম্যাগাজিন গাড়িটিকে চীনা ডিফেন্ডার ক্লোন বলে উল্লেখ করেছে।
গাড়িটি জানুয়ারিতে যুক্তরাজ্যের বাজারে আসার কথা রয়েছে, দাম ৪৭ হাজার ৯৯৫ পাউন্ড। এটি ডিফেন্ডারের চেয়ে ২০ হাজার পাউন্ডের বেশি কম।
বিওয়াইডি তাদের ওয়েবসাইটে বলেছে, গাড়িটির সোজাসাপটা বাক্স আকৃতির নকশা এসইউভি ক্রেতাদের পছন্দের শক্তিশালী চেহারা দেয়, আবার আধুনিক রূপও ধরে রাখে।
জেএলআরের সাত আসনের ডিফেন্ডার ১১০-এর দাম শুরু ৬৮ হাজার ৪৬৫ পাউন্ড থেকে। এটি যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত গাড়িগুলোর একটি। ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জেএলআর চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে খুচরা গ্রাহকদের কাছে ২৯ হাজার ৫০০টি ডিফেন্ডার বিক্রি করেছে, আগের বছর একই সময়ে যা ছিল ২৫ হাজার ৩৭০টি।
টাইমসের প্রতিবেদনে বলা হয়, আদালতের নির্দেশে চালানো ওই অভিযানে জেএলআরের সন্দেহ ছিল, বিওয়াইডি টি৭-এ ব্যবহৃত কিছু প্রযুক্তি রিভার্স-ইঞ্জিনিয়ারিং করেছে। রেকর্ড ধ্বংস হয়ে যাওয়ার আগেই সেগুলো সংরক্ষণ করতে চেয়েছিল জেএলআর।
জেএলআর ও বিওয়াইডি উভয়ই চলমান আইনি প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
চীনা কোম্পানির বিরুদ্ধে নকল গাড়ির অভিযোগে জেএলআরের এটিই প্রথম আইনি লড়াই নয়। ২০১৯ সালে তিন বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর জিয়াংলিং মোটর করপোরেশনের নকল গাড়ি বিক্রি বন্ধ করতে জয় পায় জেএলআর।
কিছু ক্ষেত্রে চীনা গাড়ি নির্মাতাদের উত্থান মোকাবিলায় জেএলআর সহযোগিতার পথও নিয়েছে। ২০১২ সালে চেরির সঙ্গে যৌথ উদ্যোগে সম্মত হয় জেএলআর, যার মধ্যে পরে বন্ধ হয়ে যাওয়া ফ্রিল্যান্ডার ব্র্যান্ডের লাইসেন্স দেওয়ার বিষয়টিও ছিল।
চেরির জেকু মডেল যৌথ উদ্যোগের অংশ নয়, তবে জেএলআরের গাড়ির সঙ্গে মিল থাকায় একে টেমু রেঞ্জ রোভার বলা হচ্ছে। এর দাম রেঞ্জ রোভারের চেয়ে ১০ হাজার পাউন্ড কম। অক্টোবরে ১০ হাজার ৮১৩টি রেজিস্ট্রেশন নিয়ে এটি যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত গাড়ি হয়েছে; এর বাজার অংশ ২ দশমিক ০৭ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৩০ শতাংশ হয়েছে। অন্যদিকে জেএলআরের রেঞ্জ রোভারের বিক্রি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৪৩ হাজার ৩০০-তে নেমেছে, আগের বছর একই সময়ে যা ছিল ৪৭ হাজার ১৯৬টি।




