মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক
মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গিজা প্রদেশে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১১২ জনের বেশি।
রোববার গিজা থেকে ফায়ুমগামী একটি ট্রেন কায়রো-আসোয়ান রুটের আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় পেছনের ট্রেনটি লাইনচ্যুত হয়ে আল-আইয়াত জেলার একটি গ্রামীণ সড়কের ওপর উল্টে যায়।
যাত্রীবাহী ট্রেনটি মিশরের রাজধানী থেকে দক্ষিণের আসোয়ান শহরের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও ক্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে ট্রেন চলাচল যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছে মিশরীয় জাতীয় রেলওয়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে ৭০টির বেশি অ্যাম্বুলেন্স হতাহতদের পরিবহন ও সরিয়ে নেওয়ার কাজে অংশ নিয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
আল-আইয়াত জেলা মিশরের ভয়াবহতম রেল দুর্ঘটনার স্থানও বটে। ২০০২ সালে সেখানে ছুটির যাত্রীদের বহনকারী একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি নিহত হয়েছিলেন।
২০০৯ সালে ওই এলাকায় একাধিক ট্রেন দুর্ঘটনায় আরও অনেকে নিহত হয়েছিলেন।
মিশরের ১১ কোটি মানুষ রেল পরিবহনের ওপর অনেকাংশে নির্ভরশীল। দেশটির সারাদেশের রেল নেটওয়ার্ক আফ্রিকার বৃহত্তমগুলোর একটি হলেও তা আধুনিকায়নের অপেক্ষায় রয়েছে।
গত এক দশকে মিশর পরিবহন অবকাঠামো হালনাগাদে কোটি কোটি ডলার ঢেলেছে। নতুন মহাসড়ক ও উচ্চগতির রেললাইনও তৈরি হয়েছে, তবে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে।




