নামজারি ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির

অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় এনে সাবরেজিস্টারদের দৌরাত্ম্য রোধে ভূমি রেজিস্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সুপারিশ করেছে সংসদের স্থায়ী কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটি সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে কমিটির সদস্য ও ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশগ্রহণ করেন।
বৈঠকে সর্বস্তরের বৈষম্য, অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়া অটোমেশনের আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।
অবৈধ দখলকারীদের অবস্থান নিশ্চিত করতে জেলা-ওয়ারী অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণের সুপারিশ করে কমিটি।
দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশও করা হয় বৈঠকে।
একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মতো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সিস্টেমে তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিশ্চিত করার সুপারিশ করে কমিটি।
উপজেলা ও পৌর এলাকা এবং সিটি করপোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণের সুপারিশ করা হয়।
স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্য বাজার মূল্যের সঙ্গে যৌক্তিকীকরণসহ জমি হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন ফি এবং গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করেছে কমিটি।
ভূমির মালিকানা সংক্রান্ত গুরুতর সামাজিক সংঘাতের নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসন প্রতিষ্ঠা, নাগরিকবান্ধব ভূমি সেবা সুদৃঢ় করার উদ্দেশ্যে বিদ্যমান প্রচলিত পদ্ধতির ভূমি প্রশাসন ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরিত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া মাঠ পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসি ল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


